মমতার সঙ্গে বৈঠক করবেন হিলারি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন। হিলারি ৭ মে থেকে ভারত সফর শুরু করবেন। দুই দিনব্যাপী এই সফরের সময় তিনি মমতার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে হিলারি মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্যের অগ্রগতি এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতির বিষয়ে আলোচনা করবেন। হিলারির সফরের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ওবামা প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, কলকাতায় পৌঁছানোর পর হিলারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে তিনি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্কের অগ্রগতি নিয়ে কথা বলবেন। ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি হলে ভারতের যে রাজ্যগুলো লাভবান হবে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, বৈঠকে হিলারি মমতার কাছ থেকে ‘চলমান পরিস্থিতির বিষয়ে তাঁর ভাষ্য’ শুনবেন। পিটিআই।