মমতার সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে এফডিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে তিন দিনের সফরে গতকাল রোববার কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আজ সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কার্যালয় রাইটার্স বিল্ডিংয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন হিলারি।মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠকে হিলারি ক্লিনটন পশ্চিমবঙ্গে বিনিয়োগ-সম্ভাবনা এবং বাণিজ্যসুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এই আলোচনায় বিভিন্ন খাতের খুচরা ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রসঙ্গ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।খুচরা ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগের বিষয়ে দীর্ঘদিন ধরে রক্ষণশীল নীতি গ্রহণ করে আসছেন মমতা। এই খাতে যুক্তরাষ্ট্র বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হলেও মূলত মমতার আপত্তির কারণেই তা আটকে আছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের মাধ্যমে এ অচলাবস্থার অবসান হতে পারে বলে আশা করা হচ্ছে।কলকাতায় আজ হিলারি কর্মব্যস্ত দিন কাটাবেন। তাঁর গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পরিদর্শন, মানবাধিকারবিষয়ক কয়েকটি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ।