মমতার সমর্থন চান সাংমা
ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী পি এ সাংমা গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে করেছেন। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তিনি মমতা ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের সমর্থন চেয়েছেন।কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে প্রায় আধ ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়ও উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সাংমা সাংবাদিকদের বলেন, বৈঠকের ফলাফলে তিনি খুশি। তৃণমূল কংগ্রেস নেত্রী তাঁকে জানান, দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত তাঁকে জানানো হবে।সাংমা বলেন, ‘বৈঠকের ফলাফলে আমি খুবই খুশি। মমতা ও তৃণমূল কংগ্রেসের সমর্থন পাওয়ার ব্যাপারে বড় আশা নিয়ে আমি ফেরত যাচ্ছি।’তৃণমূল নেতা মুকুল রায় বলেন, তাঁরা বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি সাংমার উদ্দেশে বলেন, ‘এখনো অনেক সময় আছে। দলের মধ্যে আলোচনা করতে হবে। এরপর আমরা আমাদের সিদ্ধান্ত আপনাকে জানাব।’মমতার সঙ্গে পুরোনো বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সাংমা বলেন, ‘২০০৪ সালে আমাকে যখন এনসিপি (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি) ছাড়তে বাধ্য করা হয়, তখন মমতাই আমাকে সাহায্য করেছিলেন। আজ আমি আবার আশা করছি, তিনি আমার সাহায্যে এগিয়ে আসবেন।’শরৎ পাওয়ারের সঙ্গে বিরোধের জের ধরে ২০০৪ সালে সাংমা এনসিপি ত্যাগ করেন, কিন্তু তিনি এনসিপির দলীয় প্রতীক অর্জনে ব্যর্থ হন। ওই সময় তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হন। কিন্তু পরে তিনি আবার তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিতে যোগ দেন।তবে ধারণা করা হচ্ছে, এ যাত্রায় মমতার সমর্থন আদায় করা কঠিন হয়ে পড়বে সাংমার জন্য। কেননা তিনি হচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পছন্দের প্রার্থী। পিটিআই।