মমতার সমর্থন নেবে না বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসভা নির্বাচনের পর সরকার গঠনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কোনো সমর্থন নেওয়া হবে না বলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল শুক্রবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ভেঙ্কাইয়া নাইডু জানান, সাহায্য নিতে হলে বিজেপির পছন্দের দল থেকে নেওয়া হবে। মমতার কাছ থেকে কোনো সাহায্য নেওয়া হবে না। নাইডু আরও বলেছেন, ‘মোদি হাওয়ায়’ এবার বিজেপি ২৫০ আসনে পৌঁছাতে পারে। এরপর বর্তমান শরিকদের নিয়ে বিজেপি সরকার গড়তে সক্ষম হবে। বিজেপি মূলত পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে তাকিয়ে এ কথা বলেছে।
বিজেপি মনে করে, এবার পশ্চিমবঙ্গেও মোদি হাওয়া প্রকট হয়েছে। পশ্চিমবঙ্গে আগামী দিনে বিজেপি রাজনীতিতে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এ বছরের নির্বাচনে বিশেষ করে দমদম, হাওড়া, উত্তর কলকাতা, কৃষ্ণনগর, শ্রীরামপুর, আসানসোল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও বারাসাত আসনে রীতিমতো বিজেপি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তাঁরা মনে করছে, এসব আসনে বিজেপি দারুণ ফলাফল করবে।