ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকার থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহার করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। গতকাল শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তৃণমূলের ছয় নেতা পদত্যাগ করেছেন। পরে তাঁরা সরকার থেকে সমর্থন প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতিকে জানান।মমতা সমর্থন প্রত্যাহার করলেও সরকার টিকে থাকছে। ইউপিএ জোটের বাইরে থেকে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি (এসপি), মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) ও কয়েকটি আঞ্চলিক দল।নানা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে মমতার সঙ্গে টানাপোড়ন চলছিল কংগ্রেসের। গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক সংস্কার কর্মসূচির আওতায় খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের অনুমতি, ডিজেলের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নিলে ক্ষুব্ধ হন মমতা। এই সিদ্ধান্ত থেকে সরে আসতে গত মঙ্গলবার তিনি কেন্দ্রীয় সরকারকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন। সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করায় গতকাল বিকেলে তৃণমূলের ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পদত্যাগপত্র জমা দেন। তাঁরা হলেন মন্ত্রী মুকুল রায়, প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুলতান আহমেদ, সৌগত রায়, শিশির অধিকারী ও সি এম জাটুয়া। নয়াদিল্লির ৭ রেসকোর্স সড়কে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তাঁরা।নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, ‘ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন।’ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতের পর তৃণমূল নেতা সৌগত রায় বলেন, ‘আমরা তৃণমূলের ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী বিকেল চারটায় প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। সেখান থেকে সরাসরি রাষ্ট্রপতি ভবনে এসে ইউপিএ সরকার থেকে তৃণমূলের সমর্থন প্রত্যাহারের কথা রাষ্ট্রপতিকে জানিয়েছি। এ ব্যাপারে লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা মুকুল রায়ের স্বাক্ষরিত একটি চিঠি রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি সেই চিঠি গ্রহণ করেছেন।’ তৃণমূল লোকসভায় আস্থা ভোট চায় কি না, এমন প্রশ্নের জবাবে সৌগত বলেন, ‘আমরা এটা চাই না। আমি যা বলেছি, এর বাইরে কিছু বলতে চাই না।’মুলায়ম গতকাল নয়াদিল্লিতে বলেন, তাঁরা সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় দেখতে চান না বলে ইউপিএ সরকারকে সমর্থন দিয়ে যাবেন। লোকসভায় এসপির (২২) ও বিএসপির (২১) মোট ৪৩টি আসন রয়েছে। মমতা চলে যাওয়ায় লোকসভায় ইউপিএর আসনসংখ্যা দাঁড়াবে ২৫৪। সরকার টিকিয়ে রাখতে প্রয়োজন ২৭৩ আসন। এ ছাড়া একটি-দুটি করে আসন পাওয়া আঞ্চলিক কয়েকটি দলের সমর্থন রয়েছে সরকারের ওপর। তাই মমতা সমর্থন প্রত্যাহার করলেও আপাতত সরকার টিকিয়ে রাখতে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের কলকাতা প্রতিনিধি জানান, পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভা থেকে কংগ্রেসের দুই মন্ত্রী এবং চার প্রতিমন্ত্রী আজ শনিবার পদত্যাগ করবেন। কংগ্রেসের উচ্চপর্যায় থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলেন মানস ভূঁইয়া, আবু হেনা, আবু নাসের খান চৌধুরী, সাবিনা ইয়াসমীন, সুনীল তিরকে ও প্রমথনাথ রায়। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, এএফপি।