ভারতে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার (এনসিটিসি) প্রতিষ্ঠার পরিকল্পনার বিরোধিতায় পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা একজোট হয়েছেন। তাঁরা এ পরিকল্পনার সমালোচনা করে বলেছেন, এতে রাজ্যগুলোর অধিকার লঙ্ঘিত হবে। তবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং ওই সমালোচনা উড়িয়ে দিয়েছেন।কেন্দ্রীয় সরকারের এ পরিকল্পনাটির বিরোধিতায় জাতীয় কংগ্রেসের প্রতি সমর্থন দেননি এমন কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা সরব হয়েছেন। তবে কংগ্রেস জোটের শরিক তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দলে শামিল হয়ে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে যোগ দিয়েছেন। মমতা প্রধানমন্ত্রী মনমোহন সিংকে লেখা এক চিঠিতে এনসিটিসি প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্তটি ‘পুনর্বিবেচনা ও প্রত্যাহারে’র অনুরোধ করেছেন। পট্টনায়েকের ভুবনেশ্বরের কার্যালয় মমতার ওই চিঠিটি প্রকাশ করে।এনসিটিসি প্রতিষ্ঠা করা হলে রাজ্যগুলোর অধিকার লঙ্ঘিত হবে হুঁশিয়ারি দিয়ে মমতা ওই চিঠিতে লেখেন, কেন্দ্রীয় সরকারের এ ধরনের ক্ষমতার অযৌক্তিক ব্যবহার রাজ্য সরকারের জন্য মেনে নেওয়া কঠিন এবং তা রাজ্য সরকারগুলোর অধিকার ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে একটি বোঝা। কংগ্রেসকে সমর্থন দেননি এমন কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পট্টনায়েক গত সপ্তাহে চিঠি লেখেন। চিঠিতে তিনি এনসিটিসি প্রতিষ্ঠার পরিকল্পনার সমালোচনা করে বলেন, রাজ্য সরকারগুলোর সঙ্গে পরামর্শ না করেই কেন্দ্রের সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার ওই ‘কর্তৃত্ববাদী প্রজ্ঞাপন’ জারি করেছে।তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনার জবাবে বলেছেন, এনসিটিসি প্রতিষ্ঠা জাতীয় স্বার্থের বিষয় এবং প্রচলিত বেআইনি কর্মকাণ্ড রহিতকরণ আইনের আওতায় ওই প্রজ্ঞাপন জারি হয়েছে। তাই প্রজ্ঞাপন জারির আগে রাজ্য সরকারগুলোর সঙ্গে পরামর্শ করার দরকার হয়নি। দ্য হিন্দু।