মমি করে রাখা হবে চাভেজের দেহ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বিপ্লবী হুগো চাভেজের মরদেহ মমি করে জাদুঘরে রাখা হবে। তাঁর উত্তরসূরি ও দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বৃহস্পতিবার এ কথা জানান। চাভেজ যে সেনা ব্যারাক থেকে প্রথম অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন, সেটাকেই বর্তমানে ওই জাদুঘরে রূপান্তর করা হচ্ছে।কর্মকর্তারা জানান, ভেনেজুয়েলার সামরিক একাডেমিতে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা চাভেজের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার শোকার্ত মানুষের ঢল অব্যাহত রয়েছে। তাঁরা আরও জানান, ভাইস প্রেসিডেন্ট মাদুরোর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে গতকাল রাতে শপথ নেওয়ার কথা। একই সঙ্গে তিনি আগামী নির্বাচন অনুষ্ঠানেরও ঘোষণা দেবেন।এদিকে চাভেজের মৃত্যুর পর দেশটি এক গভীর রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করার প্রেক্ষাপটে তাঁর শেষবিদায় অনুষ্ঠানের মেয়াদ বাড়ানো হয়েছে।মাদুরো বলেন, চাভেজের মরদেহ ‘হো চি মিন, লেনিন ও মাও’-এর মতোই মমি করে একটি কাচের শবাধারে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। সাবেক ছত্রীসেনা চাভেজের জনপ্রিয় সমাজতান্ত্রিক বিপ্লবে দেশটির গরিব জনগোষ্ঠী উজ্জীবিত এবং ধনিক শ্রেণী ক্ষুব্ধ হয়।মাদুরো আরও বলেন, চাভেজের মমি করা মরদেহ ‘মাউন্টেইন ব্যারাকে’ সংরক্ষিত থাকবে। এটি ছিল চাভেজের সমর্থকদের এক অন্যতম ঘাঁটি। ব্যারাকটিকে এখন মিউজিয়াম অব দ্য রেভল্যুশনে পরিণত করা হচ্ছে।এখান থেকেই চাভেজ ১৯৯২ সালের ৪ ফেব্রুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস অ্যান্ড্রেস পেরেজের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। পরে তিনি গ্রেপ্তার হন। এ ঘটনা তাঁকে জাতীয় বীরের মর্যাদা এনে দেয়। এর ধারাবাহিকতায় ১৯৯৮ সালে তিনি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। এএফপি।