মরক্কোর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত
মরক্কোর পার্লামেন্ট নির্বাচনে গতকাল শুক্রবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সংবিধান সংশোধন করে পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধির পাঁচ মাসের মধ্যে দেশটিতে এটিই প্রথম নির্বাচন। স্থানীয় সময় সকাল আটটার দিকে ভোট গ্রহণ শুরু হয়ে তা সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে।পার্লামেন্টের নিম্নকক্ষের ৩৯৫টি আসনের জন্য ৩১টি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০০৭ সালে অনুষ্ঠিত নির্বাচনের চেয়ে এবার পার্লামেন্টের আসনসংখ্যা আরও ৭০টি বাড়ানো হয়েছে। নারীদের জন্য বেশ কয়েকটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।ভোট গ্রহণের কয়েক ঘণ্টা পর থেকে ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আজ শনিবার।আরব বসন্ত শুরুর পর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ সংবিধান সংশোধনের প্রস্তাব দেন। গত জুলাইয়ে গণভোটে এ প্রস্তাব পাস করা হয়। সংবিধান সংশোধনের ফলে আইন প্রণয়নে পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। এখন যে দল এ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে, বাদশাহকে সেই দল থেকেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে।দেশটিতে জনমত জরিপের সুযোগ নেই। তবে পর্যবেক্ষকেরা বলছেন, এ নির্বাচনে বিরোধী মধ্যপন্থী জাসটিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জয়ের সম্ভাবনা রয়েছে। তবে বাদশাহপন্থী আট দলের জোট কোয়ালিশন ফর ডেমোক্রেসির সঙ্গে মধ্যপন্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এএফপি ও বিবিসি।