মরক্কোর পার্লামেন্ট নির্বাচনে ইসলামপন্থী দলকে জয়ী ঘোষণা
মরক্কোর পার্লামেন্ট নির্বাচনে উদারপন্থী ইসলামি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) জয়ী হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তৈয়ব শেরকাওয়ি গত শনিবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।মন্ত্রী বলেন, গত শুক্রবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, পিজেডি ৮০টি আসনে জয়ী হয়েছে। ৪৫টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রধানমন্ত্রী আব্বাস এল ফাসির ইনডিপেনডেনস পার্টি।পিজেডির মহাসচিব আবদেলিলাহ বেনকিরেন বলেন, ‘পিজেডিকে ভোট দিয়ে যাঁরা জয়যুক্ত করেছেন, তাঁদের ধন্যবাদ জানাই। এ জয়ে আমরা সন্তুষ্ট।’দলের জয়ের খবরে রাজধানী রাবাতের রাস্তায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা গাড়ির হর্ন বাজিয়ে ও দলীয় প্রতীক ‘প্রদীপ’ দেখিয়ে উল্লাস করেন।পিজেডি এককভাবে সরকার গঠনের মতো যথেষ্ট আসন পায়নি। তাই অন্য দলের সঙ্গে তাদের জোট বাঁধতে হবে। গণতন্ত্রের পথে উত্তরণে এ নির্বাচনকে বড় করে দেখা হচ্ছে। গত মাসে প্রতিবেশী তিউনিসিয়ায়ও ইসলামপন্থীরা জয়লাভ করে।চলতি বছরের গোড়ার দিকে আরব বসন্ত শুরুর পর মরক্কোতেও এর ঢেউ লাগে। তখন রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ সংবিধান সংস্কারে রাজি হন। গত জুলাইয়ে গণভোটে সংবিধান সংশোধনের পক্ষে প্রস্তাব পাস করা হয়। সংবিধান সংশোধনের ফলে আইন প্রণয়নে পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতা আরও বাড়ে। এখন সবচেয়ে বেশি আসনে জয়লাভ করা পিজেডি থেকে বাদশাহকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে। এএফপি।