মরক্কোয় মসজিদের মিনার ভেঙে ৪১ জনের প্রাণহানি
মরক্কোর মধ্যাঞ্চলীয় নগর মেকনেজের একটি ঐতিহাসিক মসজিদের মিনার ভেঙে কমপক্ষে ৪১ জনের প্রাণহানি ঘটেছে এবং ৭১ জন আহত হয়েছে।বেসামরিক নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল আলাবি এএফপিকে জানান, গত শুক্রবার মেকনেজের পুরোনো শহরের ঐতিহাসিক বাব বারদিয়েনি মসজিদের মিনার ভেঙে পড়ে। ওই ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ৫১ জন চিকিত্সা শেষে ইতিমধ্যে হাসপাতাল ছেড়েছে।মসজিদটি অষ্টাদশ শতাব্দীতে নির্মিত। গত শুক্রবার জুমার নামাজ আদায়কালে মিনারটি হঠাত্ ভেঙে পড়ে। এ সময় মসজিদটি মুসল্লিতে পরিপূর্ণ ছিল। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন।স্থানীয় অনেকে মনে করছেন, এ অঞ্চলে বিগত কয়েক দিনের প্রবল বর্ষণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। একজন অধিবাসী জানান, মসজিদটির মিনার ও ছাদের একাংশ ভেঙে মুসল্লিদের ওপর পড়ে।টেলিভিশনের ভিডিওচিত্রে দেখানো হয়, শত শত স্থানীয় লোক ধ্বংসস্তূূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের প্রাণপণ চেষ্টা করছে। উদ্ধারকারীরা বেলচা দিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করে উদ্ধার তত্পরতা চালিয়ে যাচ্ছে এবং কিছু লোক খালি হাতেই উদ্ধারকাজে অংশ নিয়েছে। বহু লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ধ্বংসস্তূপ সরাচ্ছে।স্থানীয় এক কর্মকর্তা জানান, জুমার নামাজ ছাড়াও মুসল্লিরা একজনের জানাজার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। তাঁর লাশও মসজিদের ভেতরে ছিল।স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে কমপক্ষে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।মসজিদটি নগরের ঘনবসতিপূর্ণ পুরোনো এলাকার উঁচু দেয়াল দিয়ে ঘেরা থাকায় উদ্ধারকাজ চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। মেকনেজ শহরটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত।মরক্কোয় কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ইতিমধ্যে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় দেশটির উত্তর ও দক্ষিণ অঞ্চলের রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ব্যাপকভাবে শস্যহানি ঘটেছে। এএফপি।