কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রো ২০০৬ সালে প্রায় মরতে বসেছিলেন। দেশের ভেতর বিমানে করে যাওয়ার সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকেরা তাঁর অন্ত্রে ছিদ্র আবিষ্কার করেন। উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক নথির তথ্য থেকে এ কথা জানা যায়। অজ্ঞাত সূত্র থেকে হাভানার মার্কিন কূটনীতিকদের কাছে এই তথ্য আসে। গত বুধবার স্প্যানিশ পত্রিকা এল পাইস-এ এ খবর প্রকাশিত হয়।নথির তথ্য অনুযায়ী, ২০০৭ সালের মার্চে কাস্ত্রোর অবস্থা নিয়ে ওয়াশিংটনে তারবার্তা পাঠান হাভানায় অবস্থানকারী মার্কিন কর্মকর্তা মাইকেল পার্মলি। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে পার্মলি জানান, ২০০৬ সালের জুলাইয়ে অভ্যন্তরীণ বিমানে হলগুইন থেকে হাভানা যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন কাস্ত্রো। বিমানে কোনো চিকিৎসক ছিলেন না। কাস্ত্রোর রক্তক্ষরণ শুরু হলে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। পরে তাঁর অন্ত্রে ছিদ্র ধরা পড়ে এবং অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। বিবিসি, এপি।