মরিচের ঝাঁজে অতিষ্ঠ হয়ে মামলা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জনপ্রিয় সাররাহচাহ ব্র্যান্ডের মরিচের হট সস উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় ছোট্ট শহর ইরউইনডল কর্তৃপক্ষ। গতকাল বুধবার রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়।
গত সোমবার ওই মামলা করা হয়। শহর কর্তৃপক্ষের অভিযোগ, সসের জন্য মরিচ প্রক্রিয়াকরণের সময় এ থেকে ঝাঁজাল ঘ্রাণে শহরবাসীর চোখ জ্বালা করে পানি ঝরার মতো দুর্ভোগ পোহাতে হয়।
শহরের কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার তাঁরা লস অ্যাঞ্জেলেস কাউন্টির একটি আদালতে যাবেন। সেখানে তাঁরা হুই ফং ফুডসকে তাৎক্ষণিকভাবে সাররাহচাহ ব্র্যান্ডের মরিচের কারখানায় উত্পাদন বন্ধ রাখতে আদালতের আদেশ চাইবেন।
লস অ্যাঞ্জেলেস থেকে ২০ মাইল পূর্বে মধ্য সেপ্টেম্বর থেকে ইরউইনডল শহর কর্তৃপক্ষ সেখানকার বাসিন্দাদের কাছ থেকে অনেক অভিযোগ পান। সে সব অভিযোগে বলা হয়, প্রচণ্ড ঝাঁজাল মরিচের গন্ধে শহরবাসীর চোখ ও গলায় জ্বালাপোড়া হয় এবং মাথাব্যথা করে।
এরই মধ্যে শহরের কর্তৃপক্ষ কোম্পানির নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে দেখা করে এসব সমস্যার কথা তুলে ধরে। তবে কোম্পানির কর্তৃপক্ষ এ বিষয়ে রয়টার্সের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করে। তবে হুই ফং ফুডসের মালিক ডেভিড ট্রান স্থানীয় রেডিও স্টেশন কেপিসিসিকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, কারখানার ছাদ দিয়ে বাতাস বের হয়ে যাওয়ার জন্য ফিল্টার বসানো হয়েছে। এর মধ্য দিয়ে মরিচ ও রসুনের ৯০ শতাংশ ঘ্রাণ শোষণ করে নেয়।
লস অ্যাঞ্জেলেস টাইমসের মতে, কোম্পানিটি প্রতিদিন দুই লাখ বোতল হট সস তৈরি করে। গত বছর কোম্পানিটি ছয় কোটি টাকার ওপর ব্যবসা করে। লাল রঙের সাররাহচাহ হট চিলি সস স্বচ্ছ প্লাস্টিকের বোতলে বিক্রি করা হয়। কয়েক বছরে এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বোতলজাত সসের মধ্যে জায়গা করে নিয়েছে।