মরুভূমিতে ৩৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে নাইজার মরুভূমিতে ২০ শিশুসহ ৩৪ জন অভিবাসীর লাশ পাওয়া গেছে। আলজেরিয়া যাওয়ার পথে মানব পাচারকারীরা তাদের এখানে ফেলে যায়। ধারণা করা হচ্ছে, পানির অভাবে তারা মারা যায়। গতকাল বুধবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, নয়জন নারী ও ২০ জন শিশু রয়েছে। মরুভূমি পার হওয়ার সময় তারা মারা যায়।

নাইজার ও আলজেরিয়া মধ্যবর্তী একটি সীমান্তচৌকি থেকে এক নিরাপত্তা সূত্র জানায়, সম্ভবত পানির অভাবে তারা মারা গেছে। প্রায়ই এখানে এমন ঘটনা ঘটে। তাদের আসামাকা শহরের কাছাকাছি জায়গায় পাওয়া গেছে। শহরটি আলজেরিয়ার সঙ্গে নাইজার সীমান্তবর্তী এলাকার কাছাকাছি অবস্থিত।

বিবৃতিতে জানানো হয়, মানব পাচারকারীরা তাদের এখানে ফেলে চলে গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনকে শনাক্ত করা গেছে। দুজনই নাইজারের।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, গত বছর ১ লাখ ২০ হাজার মানুষ নাইজারের উত্তরাঞ্চলীয় ঊষর আগাদেশ এলাকা পাড়ি দিয়েছে।