মশা থেকে সুরক্ষা দিতে লড়ছেন বিজ্ঞানীরা
ম্যালেরিয়া থেকে মানুষকে সুরক্ষিত রাখতে মশারিতে যে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়, তার বিরুদ্ধে মশারা দ্রুত প্রতিরোধ ক্ষমতা অর্জন করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজ্ঞানীরা। মশারা পূর্ণ প্রতিরোধ গড়ে তোলার আগেই নতুন কীটনাশক তৈরি করার লক্ষ্যে তাঁরা এখন নিবিড়ভাবে চেষ্টা চালাচ্ছেন। খবর রয়টার্সের।
ম্যালেরিয়া থেকে বাঁচার জন্য লাখো মানুষ বিশেষ রাসায়নিকযুক্ত মশারি ব্যবহার করে। মশাবাহিত রোগটির আক্রমণে আফ্রিকায় প্রতিবছর হাজারো মানুষের মৃত্যুর শঙ্কা রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ম্যালেরিয়া নিয়ে উদ্বেগের বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিশ্বের ৩৫টি দেশ থেকে ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল করার প্রস্তাব ওই সম্মেলনে গৃহীত হতে পারে।
ম্যালেরিয়া প্রতিরোধের চেষ্টায় ২০০০ সাল থেকে এ পর্যন্ত আনুমানিক ৪৩ লাখ মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব হয়েছে বলে জানায় রোল ব্যাক ম্যালেরিয়া নামের একটি সংগঠন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও বিশ্ব ব্যাংকের সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করে।
যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা আইভিসিসি নতুন কীটনাশক তৈরির জন্য বেশ কয়েকটি কৃষি-রাসায়নিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। আইভিসিসির প্রধান নির্বাহী নিক হ্যামন বলেন, মশারিতে শুধু এক শ্রেণির রাসায়নিক পদার্থ ব্যবহারের অনুমতি রয়েছে। এটির বিকল্প তৈরি করা কঠিন। বর্তমানে ব্যবহৃত রাসায়নিক মানবদেহের জন্য নিরাপদ। মশারা পায়ের মাধ্যমে এটি শুষে নেয় এবং কয়েক মিনিটের মধ্যে মারা যায়। আর মশারিতে এই রাসায়নিক কয়েক বছর টিকে থাকে এবং দামেও সাশ্রয়ী।
আইভিসিসি ও সহযোগী প্রতিষ্ঠানগুলো এখন তিনটি নতুন রাসায়নিক পদার্থের ব্যাপারে খুবই আশাবাদী। তবে বিজ্ঞানীরা এ বছরের মধ্যে মশারিতে সেগুলো কার্যকরভাবে ব্যবহার করতে পারলেও বাজারজাত করতে আট থেকে নয় বছর লেগে যেতে পারে। কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন কীটনাশক মশারিতে ব্যবহারের সম্ভাব্যতাও যাচাই করে দেখছেন বিজ্ঞানীরা। হ্যামন বলেন, বর্তমানে মশারিতে ব্যবহৃত কীটনাশকের বিরুদ্ধে মশারা পূর্ণ প্রতিরোধক্ষমতা অর্জন করলে বছরে কয়েক লাখ মানুষের মৃত্যুর শঙ্কা রয়েছে।
ম্যালেরিয়ায় বছরে অন্তত ৫ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়। রাসায়নিক পদার্থযুক্ত নয়—এমন মশারি ব্যবহার করেও এই মৃত্যুর সংখ্যা অনেক কমিয়ে আনা সম্ভব।