মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মসজিদ নির্মাণবিষয়ক মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক অব্যাহত রয়েছে। তবে ওবামা আবারও বলেছেন, গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ নির্মাণের কথা বলায় তিনি অনুতপ্ত নন। ওহাইওর কলম্বাসে এক রাজনৈতিক অনুষ্ঠানে গত বুধবার একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবামা একটি টেলিভিশন ক্যামেরার দিকে ঘুরিয়ে বলেন, ‘আমি অনুতপ্ত নই।’ এদিকে, গত সোম ও মঙ্গলবার পরিচালিত টাইম ম্যাগাজিন-এর এক জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ২৪ শতাংশ মানুষ মনে করে ওবামা মুসলমান। জরিপে গ্রাউন্ড জিরো এলাকায় মসজিদ নির্মাণের বিপক্ষে ৬১ ও পক্ষে ২৬ শতাংশ মানুষ মত দেয়। ওবামার নিজস্ব সমর্থক হিসেবে পরিচিতদের মধ্যেও তাঁর ধর্মপরিচয় নিয়ে সংশয় বেড়েছে। কৃষ্ণাঙ্গদের মধ্যে ৪৩ ও ডেমোক্র্যাট দলীয়দের মধ্যে ৪৬ শতাংশের ধারণা ওবামা খ্রিষ্টান। অরাজনৈতিক সংস্থা পিউ রিসার্চ সেন্টার ও পিউ ফোরাম অন রিলিজিয়ন অ্যান্ড পাবলিক লাইফের উদ্যোগে পরিচালিত অপর এক জরিপে দেখা যায়, প্রতি পাঁচজনের মধ্যে একজন আমেরিকান মনে করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলমান। গত মঙ্গলবার জরিপের এ ফল প্রকাশ করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ৩৪ শতাংশ ওবামার সঠিক ধর্মীয় পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। ৪৩ শতাংশ ওবামার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানে না। প্রিন্সটন আন্তর্জাতিক জরিপ গবেষণা অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে গত ২১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এ জরিপ চালানো হয়। পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা যায়, ওবামার নিয়মিত গির্জায় যাওয়া নিয়ে সংশয় রয়েছে জরিপে অংশ নেওয়া মার্কিনদের। জরিপের ফলাফল সম্পর্কে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে খ্রিষ্টান যাজক ফিরবিজন ফালওওয়েল বার্তা সংস্থা এপিকে জানান, প্রেসিডেন্ট ওবামা একজন খাঁটি খ্রিষ্টান।ওবামা টুইন টাওয়ার হামলাস্থল ‘গ্রাউন্ড জিরো’র কাছে মসজিদ নির্মাণের সমর্থনে দেওয়া বক্তব্যের ব্যাখ্যায় বলেন, সেখানে মসজিদ নির্মাণের আইনগত অধিকার মুসলমানদের আছে। তবে সেখানে মসজিদ বানানো যে ভালো কাজ, এমন কথা তিনি বলেননি। নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ প্রেসিডেন্ট ওবামার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। ফ্লোরিডার গভর্নর চার্লি ক্রিস্টও ওবামাকে তাঁর ওই বক্তব্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।