মসজিদ নির্মাণ নিয়ে সরগরম মার্কিন রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ নির্মাণ পরিকল্পনায় সমর্থন দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেছে রিপাবলিকানরা।টেক্সাসের রিপাবলিকান-দলীয় সিনেটর জন কর্নিয়ান বলেন, ‘এটা ধর্মীয় স্বাধীনতার বিষয় নয়, কেননা আমরা সব ধর্মের অনুসারীদের ধর্ম পালনের অধিকারের বিষয়টিকে সম্মান করি।’মসজিদ নির্মাণ পরিকল্পনার বিষয়ে কর্নিয়ান বলেন, ‘যে স্থানে সন্ত্রাসী হামলায় তিন হাজার আমেরিকান প্রাণ হারাল, সেখানে নির্মাণ করা হবে মসজিদ... আমি মনে করি, এই সিদ্ধান্ত ঠিক নয়।’ তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত থেকে এটাই বোঝা যায় যে ওয়াশিংটন, হোয়াইট হাউস, প্রশাসন এবং প্রেসিডেন্ট ওবামা নিজে আমেরিকার মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।’ আগামী নভেম্বরের নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মনে করেন কর্নিয়ান।টেক্সাসের সিনেটর বলেন, ‘আমার মতে, এই বিষয়টি জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। প্রশাসন শুধু মানুষের কান ভারী করছে, তাঁদের কথা শুনছে না এবং আমি মনে করি, এ কারণে অনেক মানুষ প্রশাসন নিয়ে হতাশ।’জনমত জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষই গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ নির্মাণের বিরোধী। তবে মসজিদ নির্মাণে মুসলমানদের অধিকারের বিষয়টিকে তারা আবার সমর্থন করে।মসজিদ নির্মাণ করা উচিত কি না, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড জানান, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা তৈরির যে উদ্দেশ্য নিয়ে এটি নির্মাণের কথা বলা হচ্ছে, তা তিনি সমর্থন করেন।নিউইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য রিপাবলিকান পিটার কিং জানান, মসজিদ নির্মাণের অধিকারের বিষয়টি তিনি সমর্থন করেন। কিন্তু মুসলিম নেতাদের উদ্দেশে তিনি বলেন, এই বিষয়টি অসংখ্য নিরীহ মানুষের মনে যে ক্ষোভের সৃষ্টি করেছে, তা তাঁদের বুঝতে হবে। মসজিদটি ওই স্থান থেকে আরও কিছুটা দূরে সরিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।নিউইয়র্কের ডেমোক্র্যাট-দলীয় আরেক আইনপ্রণেতা জেরল্ড নাদলার জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজনীতিবিদেরা নয়, মুসলিম নেতারা। তিনি বলেন, কোথায় মসজিদ নির্মাণ করবেন, সে দায়িত্ব তাঁদের। সরকার এ ক্ষেত্রে কোনোভাবেই চাপ প্রয়োগ করবে না।গত শুক্রবার প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘এই দেশে ধর্ম পালনে অন্য ধর্মের মানুষের যে অধিকার আছে, সে অধিকার মুসলমানদেরও আছে।’ এএফপি।