তিকরিত ও বাজি জঙ্গিদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিরা মসুল শহর দখল করার পর আতঙ্কে লাখ লাখ মানুষ ইরাকের কুর্দিস্তানে পালিয়ে যাচ্ছে৷ মসুলের চেকপয়েন্টে পলায়নপর মানুষদের তল্লাশি করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷ গত মঙ্গলবার তোলা ছবি l রয়টার্স
জঙ্গিরা মসুল শহর দখল করার পর আতঙ্কে লাখ লাখ মানুষ ইরাকের কুর্দিস্তানে পালিয়ে যাচ্ছে৷ মসুলের চেকপয়েন্টে পলায়নপর মানুষদের তল্লাশি করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷ গত মঙ্গলবার তোলা ছবি l রয়টার্স

ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল শহরের পর এবার সাদ্দাম হোসেনের শহর তিকরিত ও তেল শোধনের জন্য বিখ্যাত শহর বাজির দখল নিয়েছে আল-কােয়দার সমর্থিত জঙ্গিরা৷ নিরাপত্তা কর্মকর্তারা গতকাল বুধবার এ তথ্য জানান৷ খবর রয়টার্স, এপি ও বিবিসির৷

দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, হামলার মুখে যেসব নিরাপত্তা কর্মী পালিয়েছেন অথবা কোনো প্রতিরোধই সৃষ্টি করেননি, তাঁদের শাস্তির মুখোমুখি হতে হবে৷ আর জঙ্গিদের মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে ইরাকিদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র৷

আল-কায়েদার শাখা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) প্রায় এক সপ্তাহ ধরে লড়াইয়ের পর মঙ্গলবার মসুল শহর দখল করে৷ মসুলের দক্ষিণ-পূর্বে অবস্থিত কিরকুকের কাছে রাশাদসহ আরও কয়েকটি এলাকায় গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াইয়ের খবর পাওয়া গেছে৷

এর আগে জঙ্গিরা রামাদি ও ফালুজা শহরের নিয়ন্ত্রণ নেয়৷ বর্তমানে পূর্ব ও পশ্চিম সিরিয়া এবং মধ্য ইরাকের উল্লেখযোগ্য এলাকার নিয়ন্ত্রণ জঙ্গিদের হাতে৷ সুন্নি এই জঙ্গি সংগঠনের তিন থেকে পাঁচ হাজার যোদ্ধা রয়েছে৷ শিয়া প্রধানমন্ত্রী মালিকির সরকার ও সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সুযোগে তারা একের পর এক শহর দখল করছে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, জঙ্গিরা গতকাল চারদিক থেকে হামলা চালিয়ে তিকরিত শহরে ঢুকে পড়ে৷ পরে একটি পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়৷ ভারী গোলাগুলির শব্দ পাওয়া গেছে সেখানে৷ সালাউ​িদ্দন প্রাদেশিক সরকারের সদর দপ্তরের কাছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় জঙ্গিরা৷ তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি৷

আর রাজধানী বাগদাদ থেকে ১৩০ মাইল উত্তরের শহর বাজি৷ নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, জঙ্গিরা গতকাল প্রথমে স্থানীয় উপজাতি নেতাদের একটি প্রতিনিধিদল বাজির তেল শোধনাগার কেন্দ্রে পাঠায়৷ উপজাতি নেতাদের সঙ্গে আলোচনার পর তেল শোধনাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা ২০৫ জন ​নিরাপত্তারক্ষী চলে যেতে রাজি হন৷ জঙ্গিরা পুলিশ ও সেনাদের তাদের চ্যালেঞ্জ না করতে সতর্ক করে দেয়৷ তারা মঙ্গলবার সন্ধ্যার পর ৬০টি গাড়িতে করে বাজি শহরে ঢোকে৷ এরপর শহরের আদালত ভবন ও থানায় আগুন এবং বন্দীদের মুক্ত করে দেওয়া হয়৷

মসুল ছাড়ছে মানুষ: মসুলের বাসিন্দারা জানান, শহরের বিভিন্ন ভবনে জিহাদি পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে৷ লাউড স্পিকারে জঙ্গিরা ঘোষণা দিচ্ছে, তারা শহরটিকে ‘স্বাধীন করতে এসেছে’৷ উম্মে কারাম নামের একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘শহরের ভেতরের পরিস্থিতি বিশৃঙ্খলাপূর্ণ৷ নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য নেই৷ আমরা আতঙ্কিত৷’

মসুল ছেড়ে পালিয়ে আসা মাহমুদ নুরি বলেন, কেবল সাধারণ মানুষই নয়, সেনাসদস্যরাও তাঁদের অস্ত্র ফেলে, পোশাক পরিবর্তন করে ও যানবাহন ছেড়ে শহর ছেড়ে পালিয়ে গেছেন৷

আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংস্থা (আইএমও) জানায়, মসুল থেকে পাঁচ লাখের মতো লোক এরই মধ্যে পালিয়ে গেছে৷ বেশির ভাগ মানুষই পার্শ্ববর্তী কুর্দিস্তানের দিকে যাচ্ছে৷ সেখানে অস্থায়ী শিবির খুলেছে কর্তৃপক্ষ৷

উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মালিকি টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীকে ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থায় রাখা হয়েছে৷ পাশাপাশি তিনি পরিস্থিতি সামাল দিতে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান৷

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রতিক্রিয়া: মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেন, ইরাকের চলমান পরিস্থিতি ‘খুবই মারাত্মক’৷ জঙ্গিদের এই আগ্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ‘একটি শক্তিশালী ও সমন্বিত জবাব’ দেওয়ার উদ্যোগকে যুক্তরাষ্ট্র সমর্থন করে৷ আর জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ইরাক পরিস্থিতি নিয়ে তিনি ‘গভীরভাবে উ​দ্বিগ্ন’৷

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনে ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেন উৎখাত হন৷ তখন থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে৷ বিশেষ করে সুন্নি-শিয়া সাম্প্রদায়িক সহিংসতা কোনোভাবেই সামলাতে পারছে না সরকার৷ জাতিসংঘের হিসাবে, গত বছর এ ধরনের সংঘাতে প্রায় নয় হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ আর এ বছরের শুধু মে মাসেই প্রায় ৮০০ মানুষ মারা গেছে৷