মস্কোর সঙ্গে উত্তেজনা কমাতে চায় আঙ্কারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু বলেছেন, ‘চলমান উত্তেজনা কমাতে রাশিয়া ও আমাদের মিত্রদের নিয়ে একসঙ্গে কাজ করবে আঙ্কারা’। যুক্তরাজ্যের টাইমস পত্রিকায় এক লেখায় দাভুতগলু এর পাশাপাশি আইএসের বিরুদ্ধে যুদ্ধই তাঁদের অগ্রাধিকার বলে উল্লেখ করেন।

তবে তিনি আরও বলেন, তুরস্ক অবশ্যই তার সার্বভৌমত্ব রক্ষা করবে।

একটি রুশ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করার ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে আহমেত দাভুতগলু কথাগুলো বলেন। বিবিসির প্রতিবেদনে এ খবরটি দেওয়া হয়।

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে রাশিয়ার চলমান অভিযানে অংশ নেওয়া যুদ্ধবিমানটিকে গত মঙ্গলবার তুর্কি সামরিক বাহিনী গুলি করে ভূপাতিত করে।

তুর্কি বাহিনীর অভিযোগ, বারবার সতর্ক করার পরও আকাশসীমা লঙ্ঘন করায় বিমানটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ভূপাতিত হওয়া বিমানটির দুই পাইলটের মধ্যে একজন ঘটনার সময়ই মারা যান। অন্য পাইলটকে গত বুধবার উদ্ধার করা হয়।