মস্কোতে স্বদেশি বন্ধুবান্ধবের সঙ্গেই আছেন স্নোডেন!
মার্কিন নজরদারির গোপন তথ্য ফাঁস করে দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে অস্থায়ীভাবে থাকার অনুমতি দিয়েছে রাশিয়া। ওপরের ছবিটি গত বৃহস্পতিবার দেওয়া সেই অনুমতিপত্রের। হংকং থেকে পালিয়ে মস্কো যাওয়ার পর এক মাসের বেশি মস্কো বিমানবন্দরেই ছিলেন স্নোডেন। অস্থায়ীভাবে রাশিয়ায় থাকার অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার তিনি বিমানবন্দর থেকে বের হন। এখন মস্কো শহরেই আছেন। স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা গতকাল জানিয়েছেন, মস্কোতে কিছু স্বদেশি (মার্কিন) বন্ধুবান্ধবের সঙ্গেই আছেন তাঁর মক্কেল। বিমানবন্দরে আটকে থাকার সময় অনলাইনে তাঁদের সঙ্গে পরিচয় হয় স্নোডেনের। আনাতোলি কুচেরেনা জানান, আপাতত বন্ধুবান্ধবের সঙ্গে ভালো সময় কাটলেও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তায় আছেন স্নোডেন। কেননা তিনি মনে করছেন, মার্কিন গোয়েন্দা সংস্থার লোকজন তাঁকে অনুসরণ করে চলেছে l ছবি ও তথ্য: সিএনএন।