মস্কোয় বিশাল মিছিল জাতীয়তাবাদীদের
রাশিয়ার রাজধানী মস্কোয় গতকাল সোমবার জাতীয়তাবাদীদের বিশাল বার্ষিক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে মূলত মুসলমান অভিবাসীদের উপস্থিতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। অতীতে ওই মিছিল থেকে বিদেশি কর্মী ও জাতিগত সংখ্যালঘুদের ও সহিংসতা ছড়িয়ে পড়ার নজির রয়েছে।
প্রায় ১০ হাজার লোক গতকালের মিছিলে অংশ নেয়। মস্কোর পুলিশ সর্বোচ্চ ১৫ হাজার মানুষকে এতে অংশগ্রহণের অনুমতি দিয়েছিল।
মিছিলে অংশ নেওয়া এক তরুণ স্কার্ফে মুখ ঢেকে বলে, ‘আমরা এখানে রুশ হিসেবে, স্লাভ জাতির মানুষ হিসেবে যোগ দিয়েছি।’
মিছিলের একটি ব্যানারে লেখা ছিল, ‘আজ একটি মসজিদ আর কালই জিহাদ’।
মস্কোর শহরতলিতে তিন সপ্তাহ আগে এক দাঙ্গায় এক ব্যক্তি ছুরিকাঘাতে প্রাণ হারায়। মস্কোয় কর্মরত বিদেশি নাগরিক ও ভিন্ন নৃগোষ্ঠীর মানুষ আগেও সহিংসতার শিকার হয়েছে। সেখানকার মার্কিন দূতাবাস ইতিমধ্যে এক সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
বিশ্লেষক ও সরকারবিরোধী সমালোচকেরা রাশিয়ার সমাজে বিপজ্জনক জাতীয়তাবাদী চেতনাকে প্রশ্রয় দেওয়ার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করছেন।
ককেশাস ও মধ্য এশিয়ার দারিদ্র্যপীড়িত মুসলমান-অধ্যুষিত অঞ্চল থেকে অভিবাসী শ্রমিকেরা রাশিয়ায় কাজ করতে যান। দেশটিতে উগ্র জাতীয়তাবাদীদের কারণে ওই শ্রমিকদের উদ্বেগ-উৎকণ্ঠায় থাকতে হয়। এই বিদেশি শ্রমিকদের অনেক সময়ই অস্বাস্থ্যকর পরিবেশে কঠোর পরিশ্রম করতে হয়। মস্কোর অনেক বাসিন্দাই তাঁদের অপছন্দ করে।
গত ১৩ অক্টোবর মস্কোয় জাতিগত উত্তেজনা তুঙ্গে ওঠে। সেদিন হাজারো রুশ মিছিল বের করে ‘রাশিয়া শুধু রুশদের’ ও অন্যান্য নব্য নাৎসি ভাবধারার স্লোগান দেয়। মস্কোর এক তরুণের হত্যাকাণ্ডের পর ওই প্রতিবাদ মিছিল বের করা হয়।
বিরোধী দলের নেতা জাতীয়তাবাদী আলেক্সেই নাভালনি গত রোববার বলেন, তিনি এখনো মনে করেন, মস্কো থেকে অভিবাসীদের বহিষ্কার করা দরকার। তবে তিনি মিছিলে যাবেন না। মুসলিম অভিবাসীদের স্রোত বন্ধ করা মস্কোর গত সেপ্টেম্বরে মেয়র নির্বাচনের বড় ইস্যু ছিল। তাতে হেরে যান নাভালনি। এএফপি।