
ইউক্রেনে সশস্ত্র অচলাবস্থা নিরসনে রাশিয়া যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে মস্কোর ওপর নতুন করে মার্কিন অবরোধ আরোপ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জাপান সফরকালে গতকাল বৃহস্পতিবার এই হুমকি দেন।
টোকিওতে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, সমঝোতা অনুযায়ী মস্কো এখনো কোনো পদক্ষেপ নেয়নি। তাই তাদের বিরুদ্ধে সম্ভাব্য নতুন অবরোধ আরোপের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সুইজারল্যান্ডের জেনেভায় গত সপ্তাহে স্বাক্ষরিত এক আন্তর্জাতিক সমঝোতা অনুযায়ী রাশিয়াপন্থী বিদ্রোহীসহ ইউক্রেনের অবৈধ সশস্ত্র সংগঠনগুলো অস্ত্র সমর্পণ করে ঘরে ফিরে যাবে। তারা দেশটির পূর্বাঞ্চলে বেশ কয়েকটি সরকারি ভবন অবরোধ করে রেখেছে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে স্নায়ুযুদ্ধ-পরবর্তী যুগে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্কে সবচেয়ে এখন বড় রকমের অচলাবস্থা দেখা দিয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্থিতিশীলতার জন্য রাশিয়ার ইন্ধন রয়েছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে। তবে এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে মস্কো বলছে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিম ইউরোপের দেশগুলো কিয়েভে একটি অবৈধ সরকারকে মদদ দিচ্ছে।
জাপানের প্রতি মার্কিন সমর্থন: দ্বীপ নিয়ে চীনের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে জাপানকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ওবামা। এ ছাড়া তিনি উত্তর কোরিয়াকে ‘বিপজ্জনক’ পারমাণবিক কর্মসূচির ব্যাপারে সহায়তা থেকে বিরত থাকতে চীনের প্রতি আহ্বান জানান। আর চীনের সঙ্গে সীমানা নিয়ে বিরোধের ব্যাপারে জাপানকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র চুক্তিবদ্ধ বলেও জানান ওবামা।
পুতিনের হুঁশিয়ারি: ইউক্রেনের সেনারা গতকাল বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় স্লাভিয়ানস্ক এলাকার উত্তরের একটি তল্লাশিচৌকি থেকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হটিয়ে দিয়েছেন। এ সময় অন্তত দুজন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই ঘটনার প্রেক্ষাপটের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেনের কর্তৃপক্ষকে ‘মূল্য’ দিতে হবে। রয়টার্স, এএফপি ও বিবিসি।