মস্কোর ওপর আরও অবরোধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন সংকট আরও ঘোলাটে করলে রাশিয়ার ওপর নতুন অবরোধ আরোপ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে রুশপন্থী বিচ্ছিন্নতা-বাদীদের অস্ত্র ছাড়তে সময়সীমা বেঁধে দিয়েছে ইউক্রেন।
ওবামা ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গত বৃহস্পতিবার টেলিফোনে কথা বলেন। এরপর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য সহযোগী দেশগুলোকে ‘আরও রুশ তৎপরতা’ প্রত্যক্ষ এবং ‘বাড়তি অবরোধ’ আরোপের জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে।
ইউক্রেনের নেতারা গত বৃহস্পতিবার ঘোষণা দেন, রুশপন্থী যেসব বিচ্ছিন্নতাবাদী চার দিন ধরে পূর্ব ইউক্রেনের সরকারি ভবনগুলো দখল করে নিয়েছে, তারা শুক্রবার সকালের মধ্যে অস্ত্র ত্যাগ করলে সাধারণ ক্ষমা পাবে।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেন সংকট নিয়ে ক্রমবর্ধমান রুশবিরোধী মনোভাব পুরো ইউরোপের স্থিতিশীলতাকে হুমকিতে ফেলে দিচ্ছে।
‘রাশিয়া ইউক্রেন সীমান্তে সামরিক সরঞ্জাম জড়ো করছে’: ন্যাটো গত বৃহস্পতিবার উপগ্রহের মাধ্যমে পাওয়া বেশ কিছু ছবি প্রকাশ করেছে। এসব ছবিতে যুদ্ধবিমান ও ট্যাংকসহ বিভিন্ন রুশ সামরিক সরঞ্জাম দেখানো হয়। সেগুলো ইউক্রেন সীমান্তে প্রায় ৪০ হাজার রুশ সেনা মোতায়েনের অংশ হিসেবে জড়ো করা হয়েছে বলে দাবি ন্যাটোর। এএফপি ও নিউইয়র্ক টাইমস।