মস্কোর মেয়র নির্বাচনে জয়ী পুতিনের মিত্র
রাশিয়ার মস্কো শহরের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত সার্গেই সোবিয়ানিন। নির্বাচনী কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন। পরাজিত প্রার্থী আলেক্সেই নাভালনি গতকাল সোমবার ফলাফল প্রত্যাখ্যান করে আন্দোলনের হুমকি দিয়েছেন।
সোবিয়ানিন পেয়েছেন ৫১ দশমিক ৩ শতাংশ ভোট। দ্বিতীয় দফা নির্বাচন এড়াতে ৫০ শতাংশ ভোটই যথেষ্ট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিরোধীদলীয় নেতা নাভালনি পেয়েছেন ২৭ দশমিক ২ শতাংশ ভোট। তবে তিনি দ্বিতীয় দফা নির্বাচনের দাবি জানান। তাঁর অভিযোগ, নির্বাচনে ‘উদ্দেশ্যমূলক কারসাজি’ হয়েছে।
নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট পুতিনের সাবেক শীর্ষ সহযোগী (চিফ অব স্টাফ) সোবিয়ানিন।
নাভালনি দাবি করেন, তিনি দ্বিতীয় দফা নির্বাচনে যাওয়ার জন্য পর্যাপ্ত ভোট পেয়েছেন। কিন্তু সেই ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এএফপি ও বিবিসি।