মস্কোয় পুতিনবিরোধী বিক্ষোভ পুলিশের হামলায় ছত্রভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। গতকাল বুধবারও মস্কোর রাস্তায় নামে প্রতিবাদকারীরা। তবে দাঙ্গা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আটক করা হয়েছে কমপক্ষে ১৫ বিক্ষোভকারীকে।পুতিন ৭ মে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে মস্কোর কেন্দ্রীয় অংশে একটি পার্কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পুতিনবিরোধীরা। তারা সেখানে অস্থায়ী ক্যাম্প তৈরি করেছিল।গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটার দিকে পুলিশ ওই পার্কে হাজির হয়। এরপর আদালতের একটি নির্দেশ দেখিয়ে বিক্ষোভকারীদের ওই স্থান ছেড়ে যেতে বলা হয়। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের তাড়া করে এবং এক বিক্ষোভকারীকে আটক করে।এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পুলিশ বিক্ষোভকারীদের তাড়া করে পাশের একটি সাবওয়ে স্টেশনের দিকে নিয়ে যায়। এরপর সেখান থেকে আরও ১৪ জনকে আটক করা হয়।এলিসা অবরাতসোভা নামের এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা নিজেদের জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যেতে রাজি ছিলাম। কিন্তু পুলিশ আমাদের সে সুযোগও দেয়নি।’বিক্ষোভকারীরা চলে যাওয়ার পর ছোট ওই পার্কটিতে কার্ডবোর্ড, ঘুমানোর বিছানা, প্লাস্টিকের চেয়ারসহ বিক্ষোভকারীদের ব্যবহূত বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। ৯ মে থেকে লোকজন সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। রাতের বেলায় বিক্ষোভকারীর সংখ্যা ২০-৪০ জন থাকলেও দিনে কর্মস্থলে ছুটির পর তাদের সংখ্যা দুই হাজার হতো।পার্কটির পাশের এক বাসিন্দা গত মঙ্গলবার আদালতে একটি আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পার্কটি খালি করে দিতে পুলিশের প্রতি নির্দেশ দেন। কিন্তু বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আদালতে ওই আবেদন করার পেছনে পুলিশের হাত ছিল।স্থানীয় পুলিশের উপ-প্রধান ইউরি দোরেনকো বলেন, বিক্ষোভকারীরা কোনো প্রতিরোধের চেষ্টা করেনি। সবকিছু শান্তিপূর্ণভাবে হয়েছে।তবে উদারপন্থী ইয়াব্লোকো দলের নেতা সার্গেই মিতরোখিন মস্কো ইকো রেডিও ওয়েবসাইটের ব্লগে লিখেছেন, বিক্ষোভকারীদের অবৈধভাবে সরিয়ে দেওয়া হয়েছে।বিক্ষোভকারী ইলিয়া ইয়াসিন জানান, তাঁদের অনেকে মস্কো চিড়িয়াখানার পাশের অপর একটি স্কয়ারে গিয়ে জড়ো হয়েছেন। সমর্থকদের উদ্দেশে তিনি টুইটার বার্তায় লিখেছেন, ‘আসুন, আমাদের সঙ্গে যোগ দিন। এখানে অনেক মজা হচ্ছে।’বিরোধীদলীয় নেতা ইলিয়া পুনোমারায়োভ বলেছেন, ‘কর্তৃপক্ষ এখন যদি আমাদের এখান থেকে হটিয়ে দেয়, তাহলে আমরা এক স্কয়ার থেকে আরেক স্কয়ারে ঘুরে বেড়াব। পার্কের বেঞ্চে বসে থাকতে কেউ তো জনগণকে বাধা দিতে পারে না।’তবে কর্তৃপক্ষ বেশ কঠোর অবস্থান নিয়েছে। বিক্ষোভকারীদের ওপর বাধা-নিষেধ ও শাস্তি জোরালো করা হচ্ছে। মস্কো সিটি কাউন্সিলের চেয়ারম্যান ভ্লাদিমির প্লাটোনোভ মস্কো ইকো রেডিওকে বলেন, যা ঘটছে বিশ্বের কোনো দেশের সরকারই তা সহ্য করবে না।২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন পুতিন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়ে ২০০৮ থেকে এক মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ে সংবিধান সংশোধন করে পুনরায় তাঁর প্রেসিডেন্ট হওয়ার বাধা অপসারণ এবং প্রেসিডেন্টের মেয়াদ বাড়িয়ে ছয় বছর করা হয়েছে। কিন্তু পুতিনবিরোধীরা এটা মেনে নিতে পারেনি। তারা বলছে, পুতিন আবারও ক্ষমতায় ফিরে আসায় দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার সৃষ্টি হবে। এএফপি, রয়টার্স।