সন্দেহভাজন একজন মুসলিম অভিবাসীর হাতে একজন রুশ নাগরিক হত্যার ঘটনাকে কেন্দ্র করে মস্কোতে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত কয়েক বছরের মধ্যে ভয়াবহ এই সংঘর্ষের পর স্থানীয় ও অভিবাসীসহ প্রায় এক ২০০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইয়েগর সাচেরবাকভ (২৫) নামের ওই রুশ নাগরিক বৃহস্পতিবার রাতে মস্কোর দক্ষিণাঞ্চলীয় বিরইউলিয়োভ এলাকায় খুন হন। ওই সময় তিনি স্থানীয় একটি বিলিয়ার্ড ক্লাব থেকে বের হয়ে তাঁর মেয়েবন্ধুর সঙ্গে রাস্তায় হাঁটছিলেন।
রুশ গণমাধ্যমের খবরে বলা হয়, নিরাপত্তা ক্যামেরায় হত্যাকাণ্ডের ঘটনার যে ভিডিও ফুটেজ পাওয়া গেছে, তাতে ওই হত্যাকারীকে উত্তর ককেশীয় অঞ্চলের মনে হয়েছে। এতে রুশ নাগরিকেরা ধরে নেন, হত্যাকারী একজন মুসলিম, যিনি শ্রমিক হিসেবে রাশিয়ায় অভিবাসী।
রাশিয়ার বহুল প্রচারিত দৈনিক কমসোমোলস্কায়া প্রাভদার খবরে বলা হয়, সন্দেহভাজন হত্যাকারী সাচেরবাকভের ওই মেয়েবন্ধুকে উত্ত্যক্ত করেছিলেন। সাচেরবাকভ এর প্রতিবাদ করলে দুজনের মধ্যে মারামারি শুরু হয়।
সাচেরবাকভ হত্যার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা গত রোববার একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভকারীরা ‘রাশিয়া রুশদের জন্য’ বলে স্লোগান দিতে থাকেন। এক হাজারের বেশি লোকের এই বিক্ষোভ মিছিল প্রথম দিকে শান্তিপূর্ণ ছিল। একপর্যায়ে বিক্ষোভকারীরা একটি সবজির বাজারে হামলা চালিয়ে আগুন দেন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। সন্দেহভাজন হত্যাকারী ওই বাজারে লুকিয়ে ছিলেন বলে বিক্ষোভকারীরা দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলে বিক্ষোভকারীরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
মস্কো পুলিশের একজন মুখপাত্র জানান, কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের সব নিরাপত্তাকর্মীকে ওই এলাকায় মোতায়েন করা হয়। সংঘর্ষে পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হন। সংঘর্ষের পরই মস্কোর পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। পুলিশ রোববার সন্ধ্যায় জানায়, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রুশ গণমাধ্যমের খবরে বলা হয়, পুলিশ প্রায় এক হাজার ২০০ জনকে গ্রেপ্তার হয়েছে। অভিযানের লক্ষ্যবস্তু ছিল অভিবাসীরা। এএফপি।