‘নির্দয়’, ‘অবিবেচক’, ‘বদমেজাজি’, ‘ক্রুর’—সমালোচকদের অনেকেই এ ধরনের বিশেষণ প্রয়োগ করেছেন রুশ একনায়ক জোসেফ স্তালিনের নামের সঙ্গে। অতিমাত্রায় মাথা গরমের কারণে অধস্তন সবাই তাঁর ভয়ে তটস্থ থাকতেন। তাঁর নিষ্ঠুর ও বদমেজাজি কর্মকাণ্ডের কারণ কী ছিল, সে প্রশ্নের জবাব খুঁজতে ব্যাপক গবেষণা হয়েছে। তবে সবচেয়ে বিশ্বাসযোগ্য জবাব পাওয়া গেছে খোদ স্তালিনের ব্যক্তিগত চিকিৎসক আলেকজান্দর মিয়াসনিকোভের ডায়েরিতে। সেখানে মিয়াসনিকোভ বলেছেন, স্বভাবগত কারণে নয়, স্তালিন মস্তিষ্কের রোগে আক্রান্ত হওয়ার পর নিষ্ঠুর আচরণ শুরু করেন। শেষ দিকে রোগ এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি ভালোমন্দ, শত্রু-মিত্রের তফাত বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা যায়।প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫৩ সালে স্তালিন যখন মারা যান, তখন তাঁর শয্যাপাশে ছিলেন আলেকজান্দর মিয়াসনিকোভ। মিয়াসনিকোভ বলেছেন, দীর্ঘদিন ধরে স্তালিন অ্যাথেরোসক্লেরোসিস রোগে ভুগছিলেন। এই রোগে মস্তিষ্কের রক্তবাহী নালি ও শিরা-উপশিরার ভেতর চর্বিযুক্ত পদার্থ বেড়ে উঠতে থাকে। এতে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হওয়ায় রোগীর মেজাজ তিরিক্ষি হতে থাকে।মিয়াসনিকোভ বলেছেন, মৃত্যুর কিছুদিন আগে স্তালিন ভালোমন্দ, স্বাস্থ্যকর-ক্ষতিকর, নৈতিক-অনৈতিক, শত্রু-মিত্র—এসবের ভেদজ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এতে তাঁর মধ্যে অহেতুক সন্দেহ ও শত্রুর ভয় বেড়ে গিয়েছিল। ডেইলি মেইল অনলাইন।