মহা আতঙ্কের নাম ড্রোন
পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত ওয়াজিরিস্তানকে বলা হয় এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান। এর আকাশে সারাক্ষণ চক্কর দেয় মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন)। এসব ড্রোন থেকে প্রায়ই ক্ষেপণাস্ত্র ছুড়ে মারা হয়। তাই ওয়াজিরিস্তানের বাসিন্দাদের মনে সব সময় ড্রোন আতঙ্ক বিরাজ করে। ঘুমাতে পারে না তারা।স্থানীয় লোকজন এসব ড্রোনের নাম দিয়েছে মশা। মশার মতোই ভনভন করে ঘুরে বেড়ায় আকাশে। ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জঙ্গিদের বহু প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, সাধারণ নাগরিকদের ঘরবাড়ি, মাদ্রাসা ও মসজিদ ধ্বংস করা হয়েছে। বেসামরিক মানুষের গাড়িতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় নারী-শিশুসহ অনেক নিরপরাধ মানুষের রক্ত ঝরেছে, প্রাণ গেছে।বিবিসির সাংবাদিক ওয়ালি মুজিব গত মে মাসে প্রায় ২৫ দিন ওয়াজিরিস্তানে অবস্থান করেন। এ সময়ের মধ্যে পৃথক স্থানে চারটি ড্রোন হামলার ঘটনা ঘটে। এর দুটি চালানো হয় মিরনশাহ শহরে। অন্য দুটি শহরের আশপাশের এলাকায়। ওয়াজিরিস্তানে অবস্থানকালে ওয়ালি দেখতে পান, অন্তত চারটা ড্রোন নিচের আকাশে ভেসে থাকে। একটানা বিরক্তিকর শব্দ তৈরি করে। উত্তর ওয়াজিরিস্তানের আবদুল ওয়াহিদ নামের এক ব্যক্তি তাঁকে বলেন, ‘সারা দিন ওই ড্রোনগুলো ভনভন শব্দ করে। মাথার ওপর ঘুরে বেড়ায়। এগুলো যেন অন্ধের লাঠি। যেকোনো সময় যে কাউকে আঘাত করতে পারে। আর এই আতঙ্ক আমাদের পিছু ছাড়ে না। রাতেও দুই চোখের পাতা এক করা মুশকিল হয়ে ওঠে। ঘুমানো যায় না।’ মিরনশাহ শহরের একজন গাড়ি মেকানিক বলেন, ‘আমি প্রতি রাতে ঘুমের বড়ি সেবন করি। আমার মতো অনেকেই এখন ওষুধ ছাড়া ঘুমাতে পারেন না।’তালেবান ও স্থানীয় অনেকেই বিবিসিকে জানান, ড্রোন হামলায় আল-কায়েদা ও তালেবান জঙ্গিরাই শুধু নিহত হয় না, বরং বহু নিরপরাধ মানুষকে বেঘোরে প্রাণ দিতে হয়। স্থানীয় গুপ্তচরদের তথ্যের ভিত্তিতে এসব হামলা চালানো হয়।নিহত তালেবান কমান্ডার নেক মোহাম্মদের ভাই ওয়ালি মোহাম্মদ বিবিসিকে বলেন, তিনিসহ তালেবানের বেশির ভাগ যোদ্ধাই শত্রুদের (ন্যাটো বাহিনী) সঙ্গে সম্মুখ সমরে মরতে চান।’ তিনি বলেন, ‘আমি ড্রোন হামলার ভয় করি না। এর পরও আমি চাই না, ড্রোন হামলায় আমার মরণ হোক।’এসব ড্রোন হামলার জন্য তালেবান জঙ্গিরা সরকার ও নিরাপত্তা বাহিনীকে দায়ী করে। জঙ্গিদের দাবি, এসব হামলা চালিয়ে তাদের ধ্বংস করা যাবে না। মাঝখান থেকে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। বিবিসি।