মহাকাশে বেসরকারি নভোযানের সফল উৎক্ষেপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে এক দফা পেছানোর পর অবশেষে সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হলো বিশ্বের প্রথম বেসরকারি নভোযানটি। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত তিনটা ৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানেভেরাল থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছে নভোযান ড্রাগন। এর মাধ্যমে মহাকাশ অভিযানের নতুন অধ্যায়ের সূচনা হলো। যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান স্পেসএক্স তাদের নিজেদের তৈরি ফ্যালকন-৯ রকেটের সঙ্গে ড্রাগন নভোযানটি উৎক্ষেপণ করেছে। এর আগে গত শনিবার নভোযানটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের কিছুটা আগে ফ্যালকন রকেটের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। এ কারণে নভোযানটির উৎক্ষেপণ পেছানো হয়। বেসরকারি উদ্যোগে নভোযান উৎক্ষেপণ সফল হওয়ায় যুক্তরাষ্ট্র গত বছর মহাকাশ স্টেশনে শাটল কর্মসূচি বন্ধ করার পর তাদের ঝিমিয়ে পড়া মহাকাশ কার্যক্রম নতুন করে গতি পাবে বলে ধারণা করা হচ্ছে। ড্রাগন নভোযানটি মনুষ্যবিহীন। তবে বেসরকারি উদ্যোগে যে কয়টি প্রতিষ্ঠান মহাকাশে মানুষবাহী নভোযান পাঠানোর চেষ্টা করছে স্পেসএক্স তাদের অন্যতম। সেই প্রচেষ্টার প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারা মনুষ্যবিহীন নভোযান ড্রাগন পাঠাল মহাকাশে। তিন দিনের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হবে ড্রাগন। এরপর সেটি যেসব মালপত্র নিয়ে গেছে তা খালি করে চলতি মাসের শেষ নাগাদ পৃথিবীতে ফিরে আসবে।কেপ ক্যানেভেরাল থেকে উৎক্ষেপণের কিছুক্ষণ পর কক্ষপথে ঢুকে পড়ে ড্রাগনবহনকারী রকেট ফ্যালকন-৯। এ সময় ক্যালিফোর্নিয়ার স্পেসএক্সের সদর দপ্তরে উল্লাসে মেতে ওঠেন প্রতিষ্ঠানের কর্মী ও বিজ্ঞানীরা। একে অপরকে জড়িয়ে ধরেন আনন্দে।স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইন্টারনেট ব্যবসায়ী এলন মাস্ক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে লিখেছেন, ‘ফ্যালকন সঠিক পথেই এগিয়েছে। ড্রাগন কক্ষপথে ঢুকে পড়েছে। মনে হচ্ছে, আমার পিঠের ওপর থেকে এক বিরাট বোঝা নেমে গেল।’