মহাকাশে ১০০ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন ২০১৫ সালের মধ্যে ‘১০০ রকেট ও ১০০ কৃত্রিম উপগ্রহ’ উৎক্ষেপণের পরিকল্পনা হাতে নিয়েছে। মহাকাশে উচ্চাভিলাষী কর্মসূচির অংশ হিসেবে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের (সিএএসসি) উপমহাব্যবস্থাপক ঝাং জিয়াংহেং জানান, ২০১৫ সাল নাগাদ চীন প্রতিবছর মহাকাশে গড়ে ২০টি কৃত্রিম উপগ্রহ পাঠানোর মিশন সম্পন্ন করবে। গত বছর চীন এ মিশন শুরু করে।ঝাং আরও জানান, চীন গত বছর ১৯টি লংমার্চ রকেট যানে করে মহাকাশে ১৯টি কৃত্রিম উপগ্রহ, টার্গেট ওরবিটার তিয়াংগং-১ ও শেনঝাউ-৮ মহাকাশযান পাঠিয়েছে। তিনি বলেন, চলতি বছর তাঁরা ২১টি রকেটে করে মহাকাশে শেনঝাউ-৯ মহাকাশযানসহ ৩০টি কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছেন। আগামী জুন ও আগস্টের মধ্যে চীনের প্রথম মনুষ্যবাহী মহাকাশযান শেনঝাউ-৯-এর তিয়াংগং-১-এ নোঙর করার কথা।ঝাং বলেন, গত বছর যুক্তরাষ্ট্র মহাকাশে ১৮টি কৃত্রিম উপগ্রহ পাঠায়। ফলে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর দিক দিয়ে চীন যুক্তরাষ্ট্রকে টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছে। এ দিক থেকে এক বছরে মহাকাশে ৩৬টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে রাশিয়া প্রথম স্থানে রয়েছে।২০২০ সালের মধ্যে মহাকাশে একটি স্টেশন স্থাপনের লক্ষ্যে গত বছর চীন তিয়াংগং-১ উৎক্ষেপণ করে। পিটিআই।