মহাত্মা গান্ধীর বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ অরুন্ধতী রায়ের
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর বিরুদ্ধে বৈষ্যমের অভিযোগ তুলেছেন প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায় (৫২)। বুকার পুরস্কারজয়ী এই ভারতীয় সাহিত্যিক বলেন, গান্ধীর অহিংস মতবাদের ভিত্তিই ছিল নির্মম জাতিপ্রথা।খবর দ্য গার্ডিয়ানের।
অরুন্ধতী রায় গত শুক্রবার ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরম শহরে অবস্থিত কেরালা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেন। তিনি বলেন, মানুষ সাধারণভাবে মহাত্মা গান্ধীকে যেমনটি জানে, সেটি মিথ্যা। তাই গান্ধীর নামে নামকরণ করা প্রতিষ্ঠানগুলোর নতুন নামকরণের আহ্বান জানান তিনি।
অরুন্ধতী বলেন, ‘একটি মানুষ সম্পর্কে কিছু সত্য প্রকাশ করার সময় এসেছে। তাঁর অহিংস মতবাদ ছিল সমাজের একটি পূর্বপ্রতিষ্ঠিত নির্মম প্রথার ওপরে দাঁড়িয়ে। সেটি হলো জাতিপ্রথা... তাঁর নামে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর নামকরণ করার আসলেই কোনো দরকার আছে কি?’
ভারতে জাতপাতের বিষয়টি হাজার বছরের পুরোনো। এর মাধ্যমেই দেশটির কোটি কোটি মানুষের সামাজিক মর্যাদা নির্ধারণ করা হয়। তথাকথিত অস্পৃশ্য বা দলিত সম্প্রদায়ের লোকজন এখনো বিরাট বৈষ্যমের শিকার।
অরুন্ধতীর এই বক্তব্যে গান্ধী পরিবারসহ বিভিন্ন মহল থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে। মহাত্মার প্রোপৌত্র তুষার গান্ধী বলেন, ‘স্পষ্টভাষী হওয়া এক জিনিস, আর বীতস্পৃহ হওয়া আরেক জিনিস। এটা নিজের প্রচার বাড়ানোর চেষ্টা ছাড়া কিছুই নয়।’