মহাত্মা গান্ধীর ব্যবহার্য সামগ্রী নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলস তাদের ১৯৬৭ সালে প্রকাশিত সার্জেন্ট পিপারস লোলনি হার্টস ক্লাব ব্যান্ড নামের অ্যালবামের কভার থেকে মহাত্মা গান্ধীর ছবি তুলে ফেলে। তাদের আশঙ্কা ছিল, এতে ভারতীয় শ্রোতারা ক্ষুব্ধ হতে পারেন। কিন্তু এ ধরনের নিয়ন্ত্রণ এখন অতীত। গান্ধীর ব্যবহূত জিনিসপত্র এখন নিউইয়র্ক ও লন্ডনে নিলামে চড়া দামে বিক্রি হয়। কলমে, বিলবোর্ডে আর নানা ধরনের স্মারকে তাঁর ছবি ব্যবহার করা হয়। গান্ধীর নাতির ছেলে তুষার গান্ধী বলেন, ‘জনগণ মহান মানুষটির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের প্রতিটি অংশই কিনতে চায়। গান্ধীর নাম জড়িয়ে আছে, এমন যেকোনো কিছুই বিক্রি হচ্ছে এবং ভারত সরকার জাতির জনকের ব্যবহার করা পণ্যগুলো সংরক্ষণ করতে পারছে না।’গত বছর যুক্তরাষ্ট্রে একটি নিলামে গান্ধীর ব্যবহার করা চশমা, চামড়ার স্যান্ডেল, পকেটঘড়ি, কাঁসার থালা ও বাটি বিক্রির জন্য তোলা হয়। এ ঘটনায় বড় ধরনের বিতর্ক তৈরি হয়। অনেকেই অভিযোগ তোলেন, গান্ধীর স্মৃতিকে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। ভারত সরকার শুরুতে নিলামটি বন্ধ করার চেষ্টা করে। কিন্তু পরে নিলাম থেকে ওই পণ্যগুলো কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। ভারতীয় শিল্পপতি বিজয় মালিয়া ১৮ লাখ ডলারের বিনিময়ে পণ্যগুলো কিনে নেন।গত বছর লন্ডনের একটি নিলাম থেকে ২৬ হাজার ডলারের বিনিময়ে গান্ধীর হাতে লেখা চিঠি ও তাঁর সই করা একটি কাপড়ের টুকরো কেনেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী গুলাম নুন ও নাটপুরি। পরে তাঁরা ওই পণ্যগুলো ভারত সরকারের কাছে হস্তান্তর করেন।অনেক ভারতীয়ই মনে করেন, গান্ধীর সাদাসিধা, জাগতিক মোহবিহীন জীবনযাপন এবং বর্তমানে তাঁর ব্যবহার করা পণ্য বা তাঁর নামের বাণিজ্যিকীকরণের অবস্থান সম্পূর্ণ বিপরীত। দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী যে বাড়িতে বাস করতেন, গত বছর তিন লাখ ৭৭ হাজার ডলারে সেটি কিনে নেয় একটি ফরাসি পর্যটন কোম্পানি, যা জোহানেসবার্গে ওই ধরনের একটি বাড়ির স্বাভাবিক দামের তুলনায় অনেক বেশি। গান্ধী কয়েক বছর সেখানে ছিলেন। সম্প্রতি প্রতিবাদের মুখে ফরাসি বিলাসদ্রব্যের ব্র্যান্ড মঁব্ল ভারতে ‘গান্ধী’ কলমের বিক্রি বন্ধ করে দিয়েছে। স্বল্পসংখ্যায় তৈরি করা ওই কলমটিতে গান্ধীর ছবি ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ শাসকদের লবণ চাষের ওপর করারোপের প্রতিবাদে ১৯৩০ সালে গান্ধীর ঐতিহাসিক পদযাত্রার বার্ষিকী উপলক্ষে কলমটি বাজারজাত করা হয়। প্রতিটি কলমের মূল্য রাখা হয় ২৫ হাজার ডলার। মঁব্লা কর্তৃপক্ষ আশা করেছিল, গান্ধীর ছবি ব্যবহার করে তারা ভারতের বাজারে জায়গা করে নিতে পারবে। কিন্তু তাদের আশা পূরণ হয়নি। বরং এ বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং আদালত রায় দিয়েছেন, গান্ধীর ছবি ব্যবহার করতে ভারত সরকারের অনুমতি লাগবে। পরে কোম্পানিটি কলম থেকে গান্ধীর ছবি সরিয়ে ফেলে এবং দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দেয়।কিন্তু খোদ ভারতেই গান্ধীকে ব্যবহার করা হচ্ছে নানাভাবে। রাজধানী নয়াদিল্লিতে মহাত্মার সঙ্গে রাহুল গান্ধীর কথোপকথনের বিলবোর্ড দেখা গেছে। বিলবোর্ডটি ভারতের একটি সংবাদপত্রের প্রচারের জন্য স্থাপন করা হয়েছে। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গান্ধীর ব্যবহার্য সামগ্রী ও ছবির যথেচ্ছ ব্যবহার ও বিক্রি বন্ধে তাঁরা কঠোর আইন করার উদ্যোগ নিয়েছেন। গান্ধী-বিশ্লেষকেরা বলছেন, বাস্তব পরিস্থিতি বেশ জটিল। এসব পণ্য এখন বিশ্ব অর্থনীতির অংশ হয়ে উঠেছে। গুজরাটের গান্ধী-বিশ্লেষক ত্রিদিপ সুহরাদ বলেন, ‘ভারত সরকার গান্ধীর ব্যবহার করা পণ্যগুলো সংগ্রহ করা শুরু করলে অন্যান্য জাতীয় নেতার বেলায়ও একই ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি উঠবে এবং এ তালিকা অনেক দীর্ঘ।’ এএফপি।