মহাত্মা গান্ধীর রক্তমাখা মাটি ও ঘাস ১০ হাজার পাউন্ডে বিক্রি
ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা মহাত্মা গান্ধীর রক্তমাখা মাটি ও ঘাস নিলামে ১০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। গত মঙ্গলবার লন্ডনে মুলক নিলামঘরে এই নিলাম অনুষ্ঠিত হয়। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীকে যেখানে গুলি করে হত্যা করা হয়, সেখান থেকে এই মাটি ও ঘাস সংগ্রহ করা হয়েছে। মাটি ও ঘাস ছাড়াও মহাত্মা গান্ধীর স্মৃতিবাহী গোলাকার কাচের বিশেষ চশমা ও সুতো কাটার চরকাও বিক্রি হয়েছে। চশমা বিক্রি হয়েছে ৩৪ হাজার পাউন্ডে, যা ছিল পূর্বধারণার দ্বিগুণেরও বেশি। চরকা বিক্রি করে পাওয়া গেছে ২৬ হাজার পাউন্ড। গান্ধীর রক্তমাখা ওই মাটি ও ঘাস কাচের ঢাকনা লাগানো একটি খুদে বাক্সে ভরে কাঠের কৌটায় রাখা হয়। এতে একটি চিঠিও পাওয়া যায়। ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর লেখা জনৈক পি পি নাম্বিয়ারের ওই চিঠিতে রক্তমাখা মাটি ও ঘাসকে গান্ধীর রেখে যাওয়া পুরোনো সব স্মৃতিচিহ্নের মধ্যে সবচেয়ে পবিত্র বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি এই মাটি ও ঘাস সংগ্রহ করা হয়। এতে গুলিতে নিহত গান্ধীর রক্ত লেগে আছে। নিলামে গান্ধীর ব্যবহূত অন্যান্য জিনিসের মধ্যে ঐতিহাসিক দলিল ও তাঁর স্বাক্ষর করা কাগজও বিক্রি হয়েছে। গুজরাটে গান্ধী স্বাক্ষর করেছিলেন—এমন একটি চিঠি নিলামে পাঁচ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। তবে কারা এসব কিনেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পিটিআই।