মহাত্মা গান্ধীর সমাধিসৌধে যাবেন বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন ভারত সফরে নয়াদিল্লিতে তাঁর আদর্শ মহাত্মা গান্ধীর সমাধিসৌধে যাবেন। রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন তিনি। তবে অমৃতসরের স্বর্ণমন্দিরে যাচ্ছেন না তিনি। ভারত সফর শেষে তিনি ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে যাবেন। আগামী ৫ নভেম্বর এশিয়ার এই চারটি দেশ সফরের শুরুতে ভারতের উদ্দেশে যুক্তরাষ্ট্র ছাড়ছেন ওবামা।যুক্তরাষ্ট্র ও ভারতের গণমাধ্যমে ওবামার ভারত সফর নিয়ে এখন বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। তবে এসব প্রতিবেদন সম্পর্কে হোয়াইট হাউস কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়া সফরকালে তিনি জাকার্তায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মসজিদ ইশতিকলাল পরিদর্শন করবেন। শৈশবে চার বছর ইন্দোনেশিয়ায় কেটেছে ওবামার।মধ্যবর্তী নির্বাচনের তিন দিন পর ৫ নভেম্বর ভারতের উদ্দেশে যুক্তরাষ্ট্র ছাড়বেন ওবামা। মুম্বাইয়ে হোটেল তাজে থাকার কথা রয়েছে তাঁর। ২০০৮ সালের ২৬ নভেম্বর হোটেল তাজসহ আশপাশের কয়েকটি এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ১৭৩ জন নিহত হয়। ভারত সফরের শুরুতে ৬ নভেম্বর নিহত ওই ব্যক্তিদের স্মরণে বিবৃতি দেবেন মার্কিন প্রেসিডেন্ট।রাজঘাটে গান্ধী জাদুঘর পরিদর্শনের পর মার্কিন-ভারত অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সম্মেলন ও কয়েকটি গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ওবামার। এসব অনুষ্ঠানে উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) উপস্থিত থাকবেন।পরদিন ৭ নভেম্বর মুম্বাইয়ের একটি বিদ্যালয়ে হিন্দু সম্প্রদায়ের দীপাবলী উৎসব উদ্যাপনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। পরে তিনি স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।ওবামা নয়াদিল্লিতে মোগলসম্রাট হুমায়ুনের সমাধিতেও যাবেন। এর আগে তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণে সস্ত্রীক এক ভোজে অংশ নেবেন। এতে মনমোহনের স্ত্রীও যোগ দেবেন।৮ নভেম্বর ওবামা নয়াদিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে যাবেন। এর আগে মনমোহন সিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ও যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন তিনি। একই দিনে মনমোহনের আয়োজনে রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। পরে ভারতের পার্লামেন্টে বক্তব্য দেবেন। ইন্দোনেশিয়ায় সফর: হোয়াইট হাউসের সূত্রমতে, তিন দিনের সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ৮ নভেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে ভারত ছেড়ে যাবেন। ৯ নভেম্বর জাকার্তা পৌঁছাবেন তিনি। ইন্দোনেশিয়ায়ও রয়েছে তাঁর ব্যস্ত কর্মসূচি। তিনি সেখানে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও ভোজসভায় যোগ দেবেন। ১০ নভেম্বর ইশতিকলাল মসজিদ পরিদর্শন এবং এক সমাবেশে বক্তব্য দেবেন। ধারণা করা হচ্ছে, কায়রো বক্তৃতার মতো জাকার্তায়ও মুসলিম বিশ্বের উদ্দেশে বিশেষ বক্তব্য দেবেন ওবামা। প্রেসিডেন্ট ওবামার এশিয়াবিষয়ক উপদেষ্টা জেফরি বাডের বলেন, প্রেসিডেন্ট ওবামা তাঁর বক্তব্যে ইন্দোনেশিয়ার সঙ্গে নিরাপত্তা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে নতুন অংশীদারিত্বের ঘোষণা দিতে পারেন।