মহাপ্রাচীরের উটকো বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বিখ্যাত মহাপ্রাচীরের সামনে দিন দিন খাড়া হচ্ছে উটকো বাধার দেয়াল। এমন কথায় অনেকে অবাক হতে পারেন। বলতে পারেন, প্রাচীর নিজেই তো এক দুর্লঙ্ঘ্য বাধা, তার সামনে আবার বাধা কিসের? এই বাধা হচ্ছে নোংরা ও বাতিল জিনিসের জঞ্জাল, যা মহাপ্রাচীরের সৌন্দর্য ও ঐতিহ্যের জন্য ক্রমেই হুমকি হয়ে উঠছে। দেশ-বিদেশের পর্যটকেরা প্রতিদিন দলে দলে যাচ্ছেন মহাপ্রাচীর দর্শনে। তাঁদের সঙ্গে থাকে রকমারি খাবার ও পানীয়। ফেরার সময় খাবারের মোড়ক ও পানীয়র ক্যান সেখানে ফেলে আসেন তাঁরা। এসব আবর্জনা স্তূপ হয়ে জমছে মহাপ্রাচীরের যেখানে-সেখানে। চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মহাপ্রাচীরের বাদালিং অংশের ওপর জমছে এসব আবর্জনা। এই দৃশ্য দেখে পরিবেশসচেতন অনেক পর্যটক হতাশ। এমন একজন হলেন কলম্বিয়ার পর্যটক ফ্রান্সিসকো গার্সিয়া। তিনি বলেন, এমন ঐতিহাসিক স্থানে পরিবেশের জন্য এই আবর্জনা খুব ক্ষতিকর।মহাপ্রাচীরের সানহাইগুয়ান অংশের সাবেক কিউরেটর ওয়াং জুয়েনং বলেন, মহাপ্রাচীরের দেয়ালে পেরেক ঠোকা হচ্ছে। তাঁবু খাটানোর জন্য পর্যটকেরা এসব পেরেক ঠোকেন। তিনি বলেন, মহাপ্রাচীরে রাত কাটানোর ব্যাপারে সুনির্দিষ্ট বিধিনিষেধ নেই। ব্রিটিশ নাগরিক উইলিয়াম লিন্ডসে বলেন, বিশ্ব-ঐতিহ্য বলে স্বীকৃত এই স্থানে তাঁবু ফেলে থাকার ব্যাপারটি মেনে নেওয়া যায় না। চীনের মহাপ্রাচীরের সংরক্ষণকাজে প্রায় ২৫ বছর ধরে সহযোগিতা করছেন তিনি। তিনি বলেন, গত কয়েক মাসে বেশ কয়েকটি পর্যটক দলের সদস্যদের মহাপ্রাচীরের ভেতর তাঁবু ফেলে থাকতে দেখেছেন তিনি। খাবারের উচ্ছিষ্টসহ বিভিন্ন আবর্জনা ফেলে যান পর্যটকেরা। মহাপ্রাচীরের দেয়ালের অনেক জায়গায় পর্যটকদের লেখা ও আঁকিবুকি রয়েছে। বেশির ভাগ লেখার ভাষা হচ্ছে ইংরেজি ও ফরাসি। রাজধানীর কাছাকাছি হওয়ায় মহাপ্রাচীরের বাদালিং অংশ পর্যটকদের খুব টানে। লিন্ডসে বলেন, পর্যটকদের হাতে খোদাই হয়নি, এমন একটি ইট খুঁজে পেতে কয়েক কিলোমিটার হাঁটতে হবে।বাদালিংয়ে পর্যটনশিল্পের বিকাশ ঘটার সময় থেকে অনেক স্মারক পণ্য ও খাবারের দোকান গড়ে উঠেছে। গাড়ি রাখার অনেক স্থানও রয়েছে। মহাপ্রাচীরের গা ঘেঁষে স্থাপিত হয়েছে অনেক কারখানাও। এতে মহাপ্রাচীরের সৌন্দর্যহানি ঘটছে। এএফপি।