মহাবিশ্ব ধ্বংসের দ্বারপ্রান্তে?
মহাবিশ্ব কোনো এক সময় ধ্বংস হয়ে যাওয়ার সময় সবকিছু একটি ছোট্ট, উত্তপ্ত কঠিন গোলকে পরিণত হবে। পদার্থবিদেরা বহু আগে থেকে এমনই ভবিষ্যদ্বাণী করে আসছেন। এবার ডেনমার্কের একদল বিজ্ঞানী সেই ভবিষ্যদ্বাণীকে সমর্থন করেছেন।
ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্কের ওই গবেষকেরা নতুন হিসাব-নিকাশের ভিত্তিতে বলছেন, আজ না হোক, কাল মহাবিশ্বের ওপর প্রযুক্ত বলের ব্যাপক পরিবর্তন আসবে। পরিণামে প্রতিটি ক্ষুদ্র কণাই অত্যন্ত ভারী হয়ে যাবে। ভূ-পৃষ্ঠের প্রতিটি বালুকণা থেকে শুরু করে সৌরজগতের প্রতিটি গ্রহ ও প্রতিটি ছায়াপথ বর্তমানের চেয়ে কোটি কোটি গুণ ভারী হয়ে যাবে। এর পরিণাম হবে ভয়াবহ বিধ্বংসী। নতুন ওজনের চাপে সব বস্তু ছোট, অতি উত্তপ্ত ও অতি ভারী গোলকে পরিণত হবে। বিলীন হবে মহাবিশ্বের অস্তিত্ব। এই ভয়াবহ প্রক্রিয়াকে মহাবিশ্বের কালপরিবর্তন বলা হয়। জার্নাল অব হাই এনার্জি ফিজিকস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা ধারণা করছেন, যদি হিগস-ক্ষেত্রে একটি বুদ্বুদ তৈরি হয় এবং সেখানকার মান যদি মহাবিশ্বের অন্যান্য স্থানের তুলনায় আলাদা হয়ে পড়ে, তখনই সেই বিধ্বংসী কালপরিবর্তন ঘটবে।
যদি সেই নতুন মানের ফলে আগের চেয়ে শক্তির পরিমাণ কমে যায় এবং বুদ্বুদটির আকার যথেষ্ট বড় হয়, তাহলে সেটি আলোর গতিবেগে সব দিকে সম্প্রসারিত হবে। তখন ওই বুদ্বুদের ভেতরের সব মৌলিক উপাদানের ভর বহু গুণ বেড়ে যাবে। পিটিআই।