মহাবিস্ফোরণের পেছনে স্রষ্টার হাত ছিল: পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছেন, মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং-এর পেছনে স্রষ্টার হাত ছিল। আচমকা কোনো ঘটনা থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে—এমন ধারণা খ্রিষ্টান সম্প্রদায় প্রত্যাখ্যান করে। গত বৃহস্পতিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটারস ব্যাসিলিকায় প্রার্থনা সভায় এ কথা বলেন পোপ। সভায় প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিল।ইপিফানি দিবস উপলক্ষে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। ওই দিবসের বর্ণনা দিতে গিয়ে বাইবেলে বলা হয়, একটি নক্ষত্রকে অনুসরণ করতে করতে এ দিন তিন রাজা বেথলেহেমে যিশুখ্রিষ্টের জন্মস্থানে পৌঁছান। এটি খ্রিষ্টধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ দিবস।পোপ বলেন, ‘মহাবিশ্ব কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা থেকে সৃষ্টি হয়নি। অনেকেই আমাদের এমন বিশ্বাস করাতে চাইছেন। মহাবিশ্ব সম্পর্কে গভীরভাবে চিন্তা করলে আমাদের সামনে স্রষ্টার প্রজ্ঞা এবং তাঁর অসীম সৃষ্টিশীলতা ফুটে ওঠে।’এর আগে পোপ বিবর্তনবাদ নিয়েও কথা বলেছিলেন। নির্দিষ্ট করে বিগ ব্যাং বা বিবর্তনবাদের মতো বিষয়গুলো নিয়ে পোপ সাধারণত আলাপ করেন না। বিজ্ঞানীদের ধারণা, মহাবিস্ফোরণের মাধ্যমেই এক হাজার ৩৭০ কোটি বছর আগে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল।সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু গবেষণা কেন্দ্র সার্নে বিজ্ঞানীরা আলোর গতির কাছাকাছি গতিতে দুটি প্রোটন কণার সংঘর্ষ ঘটাচ্ছেন। এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টির রহস্য বের করার চেষ্টা করছেন তাঁরা।পোপ বলেন, ‘কিছু বৈজ্ঞানিক তত্ত্ব হচ্ছে “সীমিত চিন্তার” ফসল। কারণ এসব তত্ত্ব কেবল নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ করে...এবং এসব তত্ত্ব বাস্তবতার নিরিখে চূড়ান্ত কোনো ব্যাখ্যা দিতে পারে না।’ তিনি বলেন, ‘মহাবিশ্ব ও মানবজাতির সৃষ্টি ও ক্রমবিকাশ সম্পর্কে যেসব বৈজ্ঞানিক তত্ত্ব রয়েছে, সেগুলোর মাধ্যমে অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায় না। শুধু ঈশ্বরের প্রতি, স্বর্গ ও নরকের স্রষ্টার প্রতি নিজেদের নিবেদিত করার মাধ্যমে আমরা এই বিশ্বের রহস্য ও মাহাত্ম্যের সৌন্দর্যকে উপভোগ করতে পারি।’ রয়টার্স।