মহারাষ্ট্র রাজ্য সরকারের সচিবালয়ে আগুন
ভারতের মুম্বাইয়ে মহারাষ্ট্র রাজ্য সরকারের সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনের তিনটি তলা পুরোপুরি পুড়ে গেছে।গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের নরিম্যান পয়েন্টে অবস্থিত সচিবালয়ে গতকাল বিকেলে আগুন লাগার পর সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনে ২৫ জনের মতো আটকা পড়েছিলেন। আগুন নেভাতে ঘটনাস্থলে ২০টির বেশি অগ্নিনির্বাপক দল যোগ দেয়। মেরিন কমান্ডো সেনা ও নৌবাহিনীর হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে ও উদ্ধারকাজে অংশ নেয়।আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এর সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অত্যন্ত সুরক্ষিত ওই সচিবালয় কমপ্লেক্সে ছয় হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ করেন।ভবনের চতুর্থ তলায় প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত ষষ্ঠতলায় ছড়িয়ে পড়ে। ষষ্ঠতলায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চাভানের দপ্তর রয়েছে। তাঁর দপ্তরের বড় অংশই পুড়ে ছাই হয়ে গেছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা পিটিআই জানায়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাবনরাও পাঁচপুতের কার্যালয় থেকে আগুনের শুরু। বিবিসি ও হিন্দুস্তান টাইমস।