মহারাষ্ট্রে তিন বোনকে ধর্ষণের পর হত্যা বিক্ষোভ
ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে তিন কিশোরী বোনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে তাদের লাশ কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়। ওই তিন বোনের বয়স ছয় থেকে ১১ বছর। পুলিশ গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।রাজ্য পুলিশের সুপারিনটেনডেন্ট আরতি সিং জানান, মহারাষ্ট্রের বান্দ্রা জেলার বাড়ি থেকে ১৪ ফেব্রুয়ারি নিখোঁজ হয় ওই তিন বোন। এর দুদিন পর তাদের লাশের সন্ধান পাওয়া যায়। নাগপুর থেকে টেলিফোনে আরতি সিং এএফপিকে বলেন, ‘তিন বোনের মরদেহগুলো একটি কুয়ার মধ্যে পাওয়া যায়। তাদের সঙ্গে ছিল স্কুলব্যাগ, পায়ে ছিল জুতা। তাদের বয়স যথাক্রমে ছয়, নয় ও ১১ বছর।’ তিনি বলেন, ‘ময়নাতদন্তে ধর্ষণের পর তাদের হত্যা করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে আরতি সিং জানান, জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন মেয়েগুলোর মা একটা কাজে বাইরে গিয়েছিলেন। তখন মায়ের খোঁজে তিন বোনও বাড়ির বাইরে বের হয়। কিন্তু তারা পরে আর ফেরত আসেনি। আরতি সিং জানান, এ ঘটনায় গ্রামবাসী বিক্ষোভ করেছে। সেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়তে পারে রাজধানী নয়াদিল্লিতেও।সম্প্রতি নয়াদিল্লিতে চলন্ত বাসে এক মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দাবি ওঠে, নারী নিপীড়ন বন্ধের ও অপরাধীদের কঠোর শাস্তির। ওই ঘটনায় অভিযুক্ত ছয়জনের বর্তমানে দ্রুত বিচার আদালতে বিচার চলছে। অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে তাদের। এএফপি।