মহারাষ্ট্রে 'ড্যান্স বার' আবার চালুর পক্ষে সুপ্রিম কোর্টের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহারাষ্ট্র রাজ্যে মনোরঞ্জনের জন্য ‘ড্যান্স বার’ চালুর পথে আর বাধা নেই। এ ব্যাপারে রাজ্য সরকারের নির্দেশ বাতিল করে মুম্বাই হাইকোর্টের রায় গতকাল মঙ্গলবার বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের নির্দেশে গত সাত বছর নিষিদ্ধ ছিল মহারাষ্ট্রের ড্যান্স বারগুলো।
প্রধান বিচারপতি আলতামাস কবির ও বিচারপতি এস এস নিজ্জারের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ ড্যান্স বার আবার চালু করা নিয়ে মুম্বাই হাইকোর্টের রায় বহাল রাখেন। ড্যান্স বার হিসেবে পরিচিত পানশালাগুলোতে তরুণীরা চলচ্চিত্রের গানের তালে নেচে থাকেন। অনেক সময় দর্শকেরা তাঁদের খুশি হয়ে বকশিশ দেন। মহারাষ্ট্র সরকার ২০০৫ সালে মুম্বাই পুলিশ অ্যাক্টে একটি সংশোধনী এনে বারগুলো বন্ধ করে দেয়। রেস্তোরাঁ ও পানশালাগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন মুম্বাই হাইকোর্টে ওই সংশোধনীকে চ্যালেঞ্জ করে। এর পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে মুম্বাই হাইকোর্ট সরকারের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন। রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল। এতে সর্বোচ্চ আদালত রায়টির ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন।
ড্যান্স বারগুলো নিষিদ্ধ করার সময় রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল, এসব পানশালা তরুণদের বিপথগামী করছে এবং অপরাধ ও পতিতাবৃত্তিতে ভূমিকা রাখছে।
সরকার আরও যুক্তি দেখায়, রাজ্যে কেবল ৩৪৫টি ড্যান্স বারের অনুমোদন থাকলেও সেখানে প্রায় দুই হাজার ৫০০ অননুমোদিত পানশালা ব্যবসা চালাচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।