মহাশূন্যে ডুবে মরার অনুভূতি!

জুলাই ১৬, ২০১৩। ভূপৃষ্ঠ থেকে ২৫০ মাইল উঁচুতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) বাইরে শূন্যে ভেসে কাজ করছিলেন এক মহাকাশচারী। হঠাৎ পানি আসতে লাগল তাঁর হেলমেটে। অস্পষ্ট হয়ে উঠল দৃষ্টি। স্টেশনের সঙ্গে রেডিও যোগাযোগও বন্ধ হয়ে গেল! তাঁর মনে হলো, হেলমেটে জমা পানিতেই শ্বাস বন্ধ হয়ে মরতে চলেছেন তিনি।
আইএসএসের বাইরে কাজ করতে গিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন মহাকাশে হাঁটা ইতালির প্রথম নভোচারী লুকা পারমিতানো। চলতি সপ্তাহে ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েবসাইটে একটি ব্লগে ঘটনাটির বর্ণনা দিয়েছেন তিনি। পারমিতানো আইএসএসের ইউনিটি সংযোগস্থল ও রাশিয়ার জারইয়া মডিউলের মধ্যে ইন্টারনেট সংযোগের তার স্থাপনের কাজে স্টেশনের বাইরে গিয়েছিলেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পারমিতানোর হেলমেটে কী সমস্যা হয়েছিল, তা খোঁজার চেষ্টা করছে। তারা নিশ্চিত করেছে, স্পেস স্যুটের (নভোচারীদের বিশেষ পোশাক) মধ্যে থাকা পানীয় জলের ব্যাগ থেকে হেলমেটে ওই পানি যায়নি। তাই প্রকৌশলীরা স্পেস স্যুটের পিঠে থাকা ব্যাগের তরল নিয়ে চিন্তা করছেন। রয়টার্স।