মহাসাগর রক্ষায় বৈশ্বিক জোট গঠনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানামুখী হুমকি থেকে বিশ্বের মহাসাগরগুলো রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে দেড় শ কোটি ডলারের তহবিল গঠনের লক্ষ্যে সরকার, বেসরকারি সংস্থা ও অন্য গ্রুপগুলোর সমন্বয়ে একটি বৈশ্বিক জোট প্রতিষ্ঠারও প্রস্তাব দিয়েছে সংস্থাটি।সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব মহাসমুদ্র শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক গতকাল শুক্রবার বলেন, ‘নির্বিচারে মৎস্য শিকার ও সমুদ্রদূষণ এবং জলজ প্রাণীর বিচরণক্ষেত্র কমে আসতে থাকায় বিশ্বের মহাসাগরগুলো এখন হুমকির সম্মুখীন। এ কারণে মহাসাগরগুলো বাঁচাতে বিশ্বসম্প্রদায়ের কাছে আমরা এসওএস বার্তা পাঠাচ্ছি।’জোয়েলিক বলেন, ‘এরই মধ্যে মহাসাগরের মৎস্যভান্ডারের ৮৫ শতাংশ পুরোপুরি ব্যবহার, অতিরিক্ত ব্যবহার কিংবা একেবারে নিঃস্ব করে ফেলা হয়েছে।...আমরা (সমুদ্র সম্পদ) রক্ষায় যথেষ্ট কিছু করছি না, এর সঙ্গে সংগতিপূর্ণ আচরণ করছি না। মহাসাগরগুলো অব্যাহতভাবে দুর্বল হয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।’মহাসাগর রক্ষায় কিছু আন্তরিক উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার কথা স্বীকার করেও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, এ ক্ষেত্রে ব্যাপকভিত্তিক ও সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা প্রয়োজন। তিনি আগামী ১০ বছরের মধ্যে মহাসাগর নিয়ে লক্ষ্য অর্জনে প্রস্তাবিত আন্তর্জাতিক জোটের সামনে কিছু লক্ষ্যমাত্রারও প্রস্তাব করেন। বিশ্বের মৎস্যভান্ডারের অন্তত অর্ধেক পুনরুদ্ধারের বিষয় এর একটি।ভূপৃষ্ঠের ১২ শতাংশ সংরক্ষিত থাকলেও সমুদ্রপৃষ্ঠের ২ শতাংশেরও কম এলাকা সংরক্ষিত রয়েছে উল্লেখ করে বিশ্বব্যাংকের প্রধান বলেন, এর আয়তন দ্বিগুণেরও বেশি করা প্রয়োজন। শীর্ষ সম্মেলনে উপস্থিত নেতাদের উদ্দেশে তিনি বলেন, এর কম সংরক্ষণের উদ্যোগ নিলে শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই এর প্রভাব পড়বে ভয়াবহ।জোয়েলিক বলেন, উন্নয়নশীল দেশগুলোর ১০০ কোটি মানুষ তাদের আমিষের চাহিদার প্রাথমিক উৎস হিসেবে মাছ ও সামুদ্রিক খাদ্য এবং ৫০ কোটির বেশি মানুষ জীবিকার জন্য মৎস্য শিকারের ওপর নির্ভরশীল।বিশ্বব্যাংকের প্রধান সমুদ্ররক্ষায় আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তাবকে এক নতুন ধরনের উদ্যোগ আখ্যায়িত করে বলেন, এর ফলে সর্বসম্মত লক্ষ্য অর্জনে জ্ঞান, অভিজ্ঞতা, বিশেষজ্ঞ ও বিনিয়োগ সঞ্চারে বিভিন্ন দেশ, বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনকে কাছাকাছি আনা সম্ভব হবে। এএফপি, রয়টার্স।