মা ও ভাইয়ের জন্যই ভোট চাইবেন প্রিয়াঙ্কা

ভারতের জাতীয় নির্বাচনে কেবলমাত্র মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর জন্য প্রচার চালাবেন প্রিয়াঙ্কা গান্ধী। নির্বাচনী প্রচারের ব্যাপারে কংগ্রেসের অন্য কোনো নেতার অনুরোধে সাড়া দেবেন না তিনি। আজ দিল্লিতে স্বামী রবার্ট ভদ্রের সঙ্গে ভোট দেওয়ার পরে এ কথা জানিয়েছেন প্রিয়াংকা গান্ধী। খবর এনডিটিভি অনলাইনের।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের রায়বেরিলি ও আমেথি আসনে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে প্রিয়াংকা মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর হয়ে নির্বাচনী প্রচার চালিয়েছেন। বারানসি আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী নরেন্দ্র মোদির বিপক্ষে লড়বেন কংগ্রেসের প্রার্থী অজয় রায়। তিনি জানান, প্রিয়াংকা গান্ধী তাঁকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন। গুজরাটের বরোদা আসনে মোদির বিপক্ষে লড়াই করছেন কংগ্রেসের আরেক প্রার্থী মধুসূদন মিস্ত্রি। তিনি জানান, প্রিয়াংকা গান্ধী সমর্থন করলে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। তবে এসব অনুরোধে সাড়া দেবেন না বলে জানিয়েছেন প্রিয়াংকা।
প্রিয়াংকার সাফ জবাব, তিনি কেবলমাত্র রায়বেরিলিতে মা সোনিয়া গান্ধী ও আমেথিতে ভাই রাহুল গান্ধীর জন্য প্রচার চালাবেন। তবে সোনিয়া গান্ধী যখন রায়বেরিলিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তখন সেখানে প্রিয়াংকা গান্ধী ছিলেন না। রাহুল গান্ধী ব্যক্তিগত গাড়িতে করে মাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। ওই সময় মায়ের সঙ্গে প্রিয়াংকার না থাকার জন্য তাঁর স্বামী রবার্ট ভদ্র দায়ী বলে সমালোচনা হয়। অনেকে মন্তব্য করেন, স্বামীর বিরোধিতার কারণেই মায়ের সঙ্গে যেতে পারেননি প্রিয়াংকা। ভদ্র বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’