
ভারতে বহুল আলোচিত নিজের সন্তানসহ জোড়া হত্যার ঘটনায় দন্তচিকিৎসক দম্পতি রাজেশ তালওয়ার ও নূপুর তালওয়ারকে গতকাল সোমবার আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ওই দম্পতির মেয়ে আরুশি তালওয়ার (১৪) ও নেপালি গৃহপরিচারক হেমরাজ বানজাদেকে (৪৫) গলা কেটে হত্যা ও আলামত ধ্বংস করার দায়ে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। আজ মঙ্গলবার মামলাটির রায় দেওয়া হবে।
রাজধানী নয়াদিল্লির অদূরে গাজিয়াবাদ শহরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) বিশেষ আদালতের বিচারক শ্যামলাল দুজনকে দোষী সাব্যস্ত করার পর এক বিবৃতিতে গভীর হতাশা ব্যক্ত করেন নূপুর ও রাজেশ। তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
নয়াদিল্লি শহরতলির নয়ডা এলাকার বাড়িতে ২০০৮ সালে আরুশি ও হেমরাজকে হত্যা করা হয়। রায়ে রাজেশ ও নূপুরের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
তদন্তকারী কর্মকর্তাদের অভিযোগ, গৃহপরিচারকের সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আরুশিকে দেখে ক্ষুব্ধ মা-বাবা তাকে হত্যা করেন। তবে তালওয়ার দম্পতি পুলিশের অযোগ্যতা ও সংবাদমাধ্যমের ভূমিকাকে দায়ী করে নিজেদের নির্দোষ দাবি করেন।
আরুশিকে ২০০৮ সালের মে মাসের এক সকালে মৃত অবস্থায় পাওয়া যায়। গৃহপরিচারক হেমরাজ তাকে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছিল। এ জন্য নিয়মিত হত্যা মামলা করা হয়। কিন্তু পরদিনই ছাদ থেকে হেমরাজের গলাকাটা লাশ উদ্ধার করা হলে ওই হত্যাকাণ্ডের ঘটনা নাটকীয় মোড় নেয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। নয়ডা পুলিশ ও সিবিআইয়ের দুটি দল ঘটনাটি তদন্ত শুরুর পর নানা চমকপ্রদ তথ্য বের হতে থাকে।
আইনজীবীরা তালওয়ার দম্পতির বিরুদ্ধে কোনো ফরেনসিক প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তাই ‘নিহতদের সর্বশেষ দেখা গিয়েছিল ওই দম্পতির সঙ্গে’—এমন তত্ত্বের ভিত্তিতেই মামলাটির কার্যক্রম পরিচালিত হয়। তালওয়ার দম্পতির অভিযোগ, তাঁদের বিরুদ্ধে অনুমাননির্ভর ও সাজানো সাক্ষ্য-প্রমাণ ব্যবহার করা হয়েছে। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।