মা-বাবার অজান্তেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে মা-বাবার সম্মতি ছাড়াই বহু শিশুকে দত্তক নিয়ে নিচ্ছেন পশ্চিমা দম্পতিরা। শিশুদের দত্তক গ্রহণে এ ক্ষেত্রে অন্যায় সহযোগিতা করে থাকে এতিমখানা কর্তৃপক্ষ ও সরকারি কর্মকর্তারা। বিনিময়ে তাঁরা বিদেশি দম্পতিদের কাছ থেকে প্রচুর অর্থ নিয়ে থাকেন।সারিতা ভুজল নেপালের এক অবিবাহিত মা। তাঁর সাত বছর বয়সী মেয়েকে কাঠমান্ডুর একটি শিশুনিবাসে পাঠানোর ব্যাপারে উৎসাহিত করেন তাঁরই এক প্রতিবেশী। ওই প্রতিবেশী তাঁকে বলেছিলেন, ওই সংস্থায় শিশুটির ভবিষ্যৎ সুনিশ্চিত; পড়াশোনা করে সে জীবনে সফল হতে পারবে।প্রথম বছর সবকিছু ঠিকঠাকই ছিল। মিষ্টি ও বিস্কুট নিয়ে এতিমখানায় মেয়ের সঙ্গে দেখা করতে যেতেন সারিতা। উদ্বিগ্ন মেয়েটি একদিন তাঁকে বলে, বিদেশ থেকে কেউ একজন তাকে নিয়ে যেতে চাইছে। সারিতা দাবি করেন, তাঁর মেয়েকে কখনো দত্তক দেওয়া হবে না বলে নিশ্চয়তা দিয়েছিল এতিমখানা কর্তৃপক্ষ এবং তিনি সে কথা বিশ্বাস করেছিলেন।এরপর পরীক্ষা, বনভোজন প্রভৃতি অজুহাতে মেয়ের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয় সারিতাকে। ভেতরে যেতে চাইলে তাঁকে একদিন অপমান করা হয়। এতে সন্দেহ হয় তাঁর। ওই এতিমখানার এক কর্মীকে ঘুষ দিয়ে তিনি জানতে পারেন, ইতালিয়ান এক দম্পতি তাঁর মেয়েকে দত্তক নিয়ে গেছেন। তবে সারিতার অভিযোগ অস্বীকার করে ওই এতিমখানার পরিচালক বলেন, মেয়েকে ইতালিতে পাঠানোর কথা সারিতাকে আগেই বলা হয়েছিল। মেয়েকে দত্তক দিতে তিনি সানন্দে রাজি হয়েছিলেন। আসলে মেয়েকে দত্তক দেওয়ার ব্যাপারে একটি সম্মতিপত্রে আগেই নিরক্ষর সারিতার আঙুলের ছাপ নিয়ে রেখেছিল এতিমখানা কর্তৃপক্ষ।গবেষকেরা বলেন, দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মা-বাবাকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়। তাঁদের বলা হয়, তাঁদের সন্তানেরা রাজধানীতে পড়াশোনার সুযোগ পাবে। পরে ওই মা-বাবা একদিন আবিষ্কার করেন, তাঁদের সন্তানকে বিদেশি দম্পতিদের কাছে দত্তক দিয়ে দেওয়া হয়েছে। শিশু দত্তকদানে এভাবে চরম অনিয়ম ধরা পড়ায় ২০১০ সাল থেকে কয়েকটি পশ্চিমা দেশ নেপালি শিশুদের দত্তক গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করে। বিবিসি।