মা রাতে আমার ঘরে এসে কেঁদেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবাই আমাকে গতকাল অভিনন্দন জানিয়েছেন। মা রাতে আমার ঘরে এলেন, আমার পাশে বসলেন এবং কেঁদে ফেললেন। কারণ, তিনি তো জানেন ক্ষমতার মধ্যে আসলে বিষ রয়েছে। যে ক্ষমতার পেছনে মানুষ এত ছোটে, তা আসলে একধরনের কারাগার।’ রাহুল গান্ধী ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সহসভাপতির (ভাইস প্রেসিডেন্ট) দায়িত্ব নিয়ে ক্ষমতার রাজনীতির অঙ্গনে আনুষ্ঠানিক প্রবেশের পর জয়পুরে আবেগঘন এক বক্তৃতায় গত রোববার এ কথা বলেন। জওহরলাল নেহরু থেকে ইন্দিরা ও রাজীব হয়ে গান্ধী-নেহরু পরিবার যে ঐতিহ্য বহন করছে, রাহুল তার নবীনতম উত্তরাধিকার। ইন্দিরা ও তাঁর ছেলে রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী থাকাকালে সন্ত্রাসী হামলায় নিহত হন। তাই ক্ষমতার রাজনীতিতে রাহুলের প্রবেশে তাঁর মা ও কংগ্রেসের বর্তমান প্রধান সোনিয়া গান্ধীর আশঙ্কা মোটেও অস্বাভাবিক নয়। জয়পুরে কংগ্রেসের সর্বভারতীয় কমিটির (এআইসিসি) সম্মেলনে রোববার রাহুলের ভাষণের সময় মঞ্চেই ছিলেন মা সোনিয়া। বোন প্রিয়াংকা গান্ধীও অনুষ্ঠানস্থলেই ছিলেন। রাহুলের বক্তৃতা শুনে তাঁরা আবেগতাড়িত হয়ে পড়েন। দাদি ইন্দিরার কথা স্মরণ করে রাহুল বলছিলেন, ‘ছেলেবেলায় যে দুই পুলিশ-সদস্য আমাকে ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিলেন, তাঁরাই একদিন দাদিকে খুন করেন। তারপর হাসপাতালে জীবনে প্রথম দেখলাম, বাবা (রাজীব গান্ধী) কাঁদছেন। কিন্তু তিনি ছিলেন আমার দেখা সবচেয়ে সাহসী মানুষ।’ বক্তৃতার পর রাহুলকে জড়িয়ে ধরেন সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিং। পারিবারিক স্মৃতিচারণার পাশাপাশি রাহুল পরিবর্তনের কথাও বলেছেন। তিনি কংগ্রেসের নেতা-কর্মীদের কাছে জানতে চেয়েছেন, তাঁরা কী পরিবর্তন চান। রাহুল বলেন, ধীরেসুস্থে স্থায়ী পরিবর্তন আনতে পারে কংগ্রেসই।রাহুলের ভাষণকে কেউ কেউ বারাক ওবামার বক্তব্যের সঙ্গে তুলনা করেছেন। আবার বিজেপির মুখপাত্র নির্মলা সীতারামন এ ক্ষেত্রে রাজীব গান্ধীকে স্মরণ করলেন। তিনি বলেন, রাজীব কংগ্রেসে প্রথমবার বড় দায়িত্ব নেওয়ার পর আবেগঘন বক্তব্য দিয়েছিলেন। সেটা খুবই অনুপ্রাণিত করার মতো ভাষণ ছিল। পিটিআই।