মা হওয়ার চিন্তা আর নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের জন্য বিরাট সুখবর হতে পারে। এখন শুধু অপেক্ষা দিরিয়া সারতের চিকিৎসার সাফল্যের জন্য। তুর্কি এই নারী এখন হাসপাতালে। জন্ম থেকেই তাঁর গর্ভাশয় ছিল না। ছিল না সন্তান ধারণের ক্ষমতা। চিকিৎসকেরা তাঁর শরীরে নতুন একটি গর্ভাশয় প্রতিস্থাপন করেছেন। মৃত এক নারী থেকে এটি সংগ্রহ করা হয়েছে। গর্ভাশয় প্রতিস্থাপনের মাধ্যমে দিরিয়া সন্তানের মুখ দেখলে পৃথিবীজুড়ে অসংখ্য নারীর মুখে হাসি ফুটবে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আনতালিয়া প্রদেশের আকদেনিজ ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকেরা গত ৯ আগস্ট সফলভাবে দিরিয়ার (২১) গর্ভাশয় প্রতিস্থাপন করেন। তাঁর মতো সারা বিশ্বে প্রতি পাঁচ হাজার নারীর একজন গর্ভাশয় ছাড়াই জন্ম নেয়।দিরিয়ার স্বামী গাড়ির মিস্ত্রি। ছয় মাস ধরে দিরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের শয্যায় বসে তিনি বলেন, ‘উত্তেজনা, খুশি সব আবেগই কাজ করছে। আল্লাহ চাইলে আমাদের সন্তানকে আমরা কোলে নিতে পারব।’ তিনি বলেন, ‘গর্ভাশয় প্রতিস্থাপন নিয়ে আমি কখনো অস্ত্রোপচারে ভয় পাইনি। অস্ত্রোপচার হলে যে যন্ত্রণা বা ভোগান্তি হবে, তা নিয়ে আমি কখনই ভাবিনি।’দিরিয়া আরও বলেন, ‘প্রতিস্থাপিত গর্ভাশয় ইতিমধ্যে আমার শরীরের একটি অঙ্গ হয়ে গেছে...আমরা এ দিনটির অপেক্ষায় ছিলাম।’ জটিল এ চিকিৎসায় তাঁর পরিবার ও আত্মীয়স্বজন তাঁকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলে তিনি বলেন।বিশ্বে গর্ভাশয় প্রতিস্থাপনের এটি দ্বিতীয় ঘটনা। প্রথমটি করা হয়েছিল ২০০০ সালে সৌদি আরবে। অবশ্য তখন একজন জীবিত নারীর গর্ভাশয় নিয়ে রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু ভারী রক্তচাপের কারণে ৯৯ দিন পর সেটি নষ্ট হয়ে যায়। পরে চিকিৎসকেরা এটি অপসারণ করেন। চিকিৎসকেরা বলেন, অস্ত্রোপচারের ক্ষেত্রে যেসব সমস্যা হওয়ার কথা ছিল, তাঁরা সেসব সমস্যা কাটিয়ে উঠেছেন। তা ছাড়া আগের তুলনায় এখন চিকিৎসার মানও উন্নত হয়েছে। চিকিৎসক ওমর ওজকান বলেন, ‘আমরা খুশি এই ভেবে যে টিস্যু বেঁচে আছে।’ এএফপি।