মা হচ্ছেন কার্লা ব্রুনি
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির স্ত্রী কার্লা ব্রুনি সারকোজি মা হতে যাচ্ছেন। সারকোজির বাবা পাল সারকোজি গতকাল মঙ্গলবার জার্মান ট্যাবলয়েড বিল্ডকে এ কথা জানিয়েছেন।পাল সারকোজি (৮২) পত্রিকাটিকে বলেন, ‘দাদা হতে পারার সম্ভাবনায় আমি ভীষণ খুশি। নিকোলা বা কার্লা কেউ-ই চিকিৎসকের কাছে অনাগত সন্তান ছেলে না মেয়ে, তা জানতে চাননি। কিন্তু আমি নিশ্চিত, মেয়ে হবে। আর সে হবে তার মায়ের মতোই সুন্দরী।এদিকে ফ্রান্সের টিএফওয়ান টেলিভিশনে গত সোমবার ফার্স্ট লেডি কার্লা ব্রুনির (৪৩) একটি সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় সাংবাদিকেরা আশা করছিলেন, মা হতে যাওয়ার কথা তিনি হয়তো আনুষ্ঠানিকভাবে স্বীকার করবেন। কিন্তু তিনি সরাসরি এ-সংক্রান্ত কোনো কথা বলা থেকে বিরত থাকেন। একসময়ের নামকরা মডেল কার্লার ১০ বছর বয়সী একটি ছেলে আছে। অন্যদিকে তাঁর স্বামী সারকোজি আগে দুবার বিয়ে করেন। ওই সূত্রে তাঁর ২৫, ২৪ ও ১৪ বছর বয়সী তিনটি ছেলে আছে। এএফপি।