মা হতে চান কার্লা ব্রুনি
মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ফ্রান্সের ফার্স্বলেডি কার্লা ব্রুনি। আগামী দুই বছরের মধ্যে সন্তান নিতে চান তিনি। কার্লা ব্রুনি বলেছেন, বিষয়টি নিয়ে স্বামী ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে তিনি কথা বলেছেন। সাময়িকীগালা তাদের নতুন বছরের সংখ্যায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ব্রুনির মা হওয়ার আগ্রহের কথা প্রকাশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সারকোজি ও ব্রুনির ঘরে নতুন অতিথির আগমন ঘটতে পারে। ২০০৮ সালে সারকোজির সঙ্গে বিয়ের পর থেকে ব্রুনির মা হওয়ার ব্যাপারে বিভিন্ন গুঞ্জন শোনা গেছে। বিভিন্ন সাময়িকী ও ব্লগে এ নিয়ে খবর প্রকাশিত হওয়ার একপর্যায়ে কিছু দিনের জন্য তিনি লোকচক্ষুর আড়ালে পর্যন্ত চলে যান। একটি প্রতিবেদনে দাবি করা হয়, সম্প্রতি ভারত সফরকালে একজন মুসলিম ধর্মীয় গুরুকে কার্লা ব্রুনি বলেন, তিনি একটি ছেলে সন্তান চান। এ ঘটনার এক মাস পর আরেকটি প্রতিবেদনে বলা হয়, আগামী নির্বাচনকে সামনে রেখে ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রেসিডেন্ট সারকোজি বাবা হতে চান। গার্ডিয়ান অনলাইন।