মা হলেন কার্লা ব্রুনি
ফ্রান্সের ফার্স্টলেডি কার্লা ব্রুনি মা হয়েছেন। প্যারিসের একটি ক্লিনিকে গত বুধবার স্থানীয় সময় রাত আটটায় তিনি কন্যাসন্তান ভূমিষ্ঠ করেন। ফ্রান্সের গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্তান জন্মের কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট সারকোজি ওই ক্লিনিকে যান। পরে তিনি ইউরো জোনে ঋণের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জার্মানিতে যাওয়ার উদ্দেশে ক্লিনিক ছাড়েন। ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্যালেস থেকে জানানো হয়, এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হবে না। কারণ, বিষয়টি প্রেসিডেন্টের একান্ত ব্যক্তিগত ব্যাপার।প্রেসিডেন্ট সারকোজি ২০০৮ সালে কার্লা ব্রুনিকে বিয়ে করেন। সারকোজিই প্রথম প্রেসিডেন্ট, যিনি ক্ষমতায় থাকা অবস্থায় স্ত্রীকে তালাক দিয়েছেন। সারকোজির আগের সংসারে তিন ছেলে রয়েছে। ব্রুনিরও আগের সংসারে একটি ছেলে রয়েছে। সারকোজি-ব্রুনি দম্পতির কন্যাসন্তানের এখনো কোনো নাম রাখা হয়নি। এএফপি।