মাইকেল জ্যাকসনের আঁকা চিত্রকর্ম হাসপাতালে দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের আঁকা ১০টি চিত্রকর্ম লস অ্যাঞ্জেলেসের একটি শিশু হাসপাতালে দান করেছেন তাঁর সন্তানেরা। এ উপলক্ষে গত সোমবার ওই হাসপাতালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাইকেলের তিন সন্তান প্রিন্স, প্যারিস ও ব্ল্যাংকেট ওই চিত্রকর্মগুলোতে বাবার নামের পাশে স্বাক্ষর করে। এত দিন চিত্রকর্মগুলো মাইকেলের পারিবারিক বন্ধু ও শিল্পী ব্রেট লিভিংস্টোন স্ট্রংয়ের ব্যক্তিগত সংগ্রহে ছিল। মাইকেলের বোন লা টয়া বলেন, ‘চিত্রকর্মগুলোর দিকে তাকিয়ে থাকলে মন ভালো হয়ে যায়। অদ্ভুত ও আশ্চর্য রকম সুন্দর এই চিত্রকর্মগুলো শুধুই আনন্দ ও শান্তি দেয় আমাদের। আমি জানি, যখন শিশুরা বা অন্য কেউ এগুলোর দিকে তাকিয়ে থাকবে, তখন তারা একধরনের আনন্দ পাবে। একই সঙ্গে আমার ভাইও এতে আনন্দ পাবে।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলেসের মেয়র অ্যান্টনিও ভিলারাইগোসা ও জ্যাকসনের মা ক্যাথেরিন। এএফপি।